নাটোর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার রাতে বড়াইগ্রাম উপজেলা সদরে বড়াইগ্রাম কলেজ এলাকায় ওই সংঘর্ষ হয় বলে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী হীরার সমর্থকরা সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া মাহাবুবুল হক বাচ্চুর বিরুদ্ধে মিছিল বের করলে বাধা দেয় বাচ্চুর সমর্থকরা। এরপর দুই পক্ষ সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি আনোয়ার সাংবাদিকদের বলেন, গত সোমবার থেকেই দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে মিছিল করে আসছিলো। মঙ্গলবার রাতে সংঘর্ষ বাঁধলে যুবলীগকর্মী রায়হান আলী (২০) গুলিবিদ্ধ হন।
রায়হান বাচ্চুর সমর্থক বলে স্থানীয়রা জানায়। রাতে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংঘর্ষের বিষয়ে ইয়াকুব আলী হীরা ও মাহাবুবুল হক বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তারা পরস্পরকে দায়ী করেন।
ওসি জানান, সংঘর্ষের সময় বড়াইগ্রাম বাজারে একটি দোকান ও ইয়াকুব আলী হীরার বাড়ির ফটক ভাংচুর করে।
রাতেই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। তবে বুধবার পরিস্থিতি শান্ত ছিলো বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭১৩ ঘ.
bdnews24