২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদকে আরো কার্যকরের তাগিদ দিলেন রাষ্ট্রপতি

জাতীয় সংসদকে আরও কার্যকর করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 01:50 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদকে আরও কার্যকর করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। রাষ্টপতি বলেন, ''গণতন্ত্রকে আরও বিকশিত করতে সবাইকে পরমতসহিষ্ণু হতে হবে। সংসদকে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। এ ব্যাপারে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের এগিয়ে আসতে হবে।'' মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর 'সংসদ বিতর্ক' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি। ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংসদে দেওয়া সাজেদা চৌধুরীর বিভিন্ন বক্তব্য 'সংসদ বিতর্ক' গ্রন্থে স্থান পেয়েছে। এটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। জিল্লুর রহমান বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্খা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচিত প্রতিনিধিরা সংসদে তাদের মতামত তুলে ধরেন। সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে। সংসদকে কার্যকর করতে পরমতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শনের জন্য রাষ্ট্রপতি সাংসদদের প্রতি আহবান জানান। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে গ্রন্থের ওপর আলোচনা করেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সংসদ উপনেতার স্বামী গোলাম আকবর চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪৪ ঘ.