ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের সহায়তা পাওয়া সহজ করতে সামাজিক নিরাপত্তা স্কিম চালুর পরিককল্পনা করছে সরকার।
এ জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো না হলেও উপকারভোগীর সংখ্যা বাড়তে পারে।
সোমবার সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদও বৈঠকে ছিলেন।
বৈঠকের পর মুহিত সাংবাদিকদের জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বর্তমানে প্রায় ২৫ লাখ মানুষ বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন সহায়তা পাচ্ছেন।
এ সংখ্যা দেশের জনসংখ্যার তুলনায় বেশ কম বলে মনে করেন তিনি।
সামাজিত নিরাপত্তা স্কিম চালুর বিষয়ে মুহিত বলেন, আগামী বাজেটে এ বিষয়ে একটি দিক-নির্দেশনা থাকবে।
টাস্কফোর্স সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন তদারকি এবং একে গতিশীল করতে পরামর্শ দেবে বলে জানান তিনি।
কর্মসূচি বাস্তবায়নে বিগত দিনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন মুহিত।
সহায়তাপ্রাপ্তদের তালিকা নিয়ে একটি তথ্যভাণ্ডার তৈরির পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে।
তবে মুক্তিযোদ্ধাদের তথ্যভাণ্ডার তৈরি হলেও অন্য উপকারভোগীদের তথ্য ভাণ্ডার করতে সময় লাগবে, বলেন তিনি। উপকারভোগীদের পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে।
অর্থমন্ত্রী জানান, দেশে ভিক্ষুকদের সংখ্যা নির্ধারণে জরিপ চলছে।
তাদের জন্য আলাদা কোনো কর্মসূচি চালুর বিষয়টি আপাতত সরকারের পরিকল্পনায় না থাকলেও বর্তমান কর্মসূচিগুলো চলবে।
আগামী পাঁচ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকবে না, বলেন মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এমআই/১৯০০ ঘ.
bdnews24