২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মারধর: ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

প্রতিবেদক আনিস রায়হানের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপনসহ কয়েকজনের বিরুদ্ধে সোমবার মামলা করেছে 'সাপ্তাহিক'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 11:45 AM

Updated : 24 Aug 2022, 08:12 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেদক আনিস রায়হানের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপনসহ কয়েকজনের বিরুদ্ধে সোমবার মামলা করেছে 'সাপ্তাহিক'। পত্রিকাটির প্রধান প্রতিবেদক মহিউদ্দিন নিলয় বিকালে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এতে কেন্দ্রীয় সভাপতি রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল শাখা ছাত্রলীগের সভাপতি সাদিদ জাহান সৈকতসহ ১০-১২ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি রেজাউল করিম। মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান। গত ২৫ মার্চ 'ছাত্রলীগ সার্কাস: ইডেন কলেজ বাড়তি আকর্ষণ' শিারোনামে সাপ্তাহিকে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এ ঘটনায় রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা 'সাপ্তাহিক'র নিজস্ব প্রতিবেদক আনিস রায়হান এবং 'বুধবার'র নিজস্ব প্রতিবেদক আহমেদ ফয়েজকে পেটায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মহিউদ্দিন নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ৮টার দিকে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন আনিস ও ফয়েজ। এ সময় ছাত্রলীগ এসএম হল শাখার সভাপতি সৈকত পিছন দিক থেকে এসে জোরে হর্ন বাজিয়ে তার মোটরসাইকেলটি প্রায় তাদের ওপর উঠিয়ে দেন। দুই সাংবাদিক এ ঘটনার প্রতিবাদ করলে সৈকত তাদের পরিচয় জানতে চান। এরপর সাপ্তাহিকের সাংবাদিক পরিচয় পেয়ে ছাত্রলীগ সভাপতি রিপনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রসঙ্গ তুলে তাদের অকথ্য ভাষায় গালাগালি করেন। এ সময় আইডি কার্ড ছিনিয়ে নিয়ে সৈকত দুই সাংবাদিককে জিম্মি করে ফেলেন। পরে হল থেকে ২০-২৫ জন কর্মী এনে তাদের ব্যাপক মারধর করা হয়। ঘটনার পর থেকে এ বিষয়ে জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষে কেন্দ্রীয় সভাপতি রিপন ও সৈকতের কাছে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৭৩৮ ঘ.