গাজীপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে রোববার বিকালে ছিনতাইকালে তিনজনকে ধরে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
সদর উপজেলার বাসন এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কার্যালয়ে ছিনতাইকালে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হয়েছে- টঙ্গীর গাজীপুরা এলাকার সজীব (১৯), আরিচপুর এলাকার রমজান (২০) ও সুমন (১৯)।
তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ভরা দু'টি রিভলবার ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার পর রাত ১০টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের জয়দেবপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি আমিনুল ইসলাম বিপ্লব জানান, বিকাল সোয়া ৪টার দিকে অফিসে সাতজন বিক্রয় প্রতিনিধি এসে বিক্রিত মালের টাকার হিসাব করছিলেন।
এ সময় অস্ত্রধারী ৭-৮ জন যুবক ঘরে ঢুকে ফরিদ নামের এক প্রতিনিধির মাথায় পিস্তল ঠেকিয়ে সবার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাদের ভেতরে রেখে অফিস কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে পালাতে থাকে।
অফিস কক্ষের অপর দরজা দিয়ে তারা (প্রতিনিধি) বের হয়ে চিৎকার করলে ছিনতাইকারীরা তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে জনতা তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
বাকিরা টাকা নিয়ে পালিয়ে যায়।
ছিনতাই করা টাকার পরিমাণ ১২/১৪ লাখ হবে বলে আমিনুল ইসলাম বিপ্লব দাবি করেন।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশিদ বলেন, গণপিটুনিতে আহত ছিনতাইকারীদের গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24