২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে ৭ মামলার আসামি শিবিরকর্মী নিহত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গণপিটুনিতে সাত মামলার পলাতক আসামি এক শিবিরকর্মী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 03:01 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গণপিটুনিতে সাত মামলার পলাতক আসামি এক শিবিরকর্মী নিহত হয়েছেন। রোববার বিকালে উপজেলার নজু মিয়া হাটে সহযোগীদের নিয়ে এক তরুণীকে অপহরণ করতে গেলে এলাকাবাসী আইয়ুব আলী রাশেদ (২৭) নামের এই শিবিরকর্মীকে আটক করে। বিক্ষুব্ধ লোকজনের পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (হাটহাজারী সার্কেল) বাবুল আক্তার। রাশেদ হাটহাজারী উপজেলার পূর্ব শিকারপুর গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আলী মর্তুজা চৌধুরী হত্যা, হাটহাজারীতে ৫৬ লাখ টাকা ছিনতাইসহ মোট সাতটি মামলা রয়েছে। চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটহাজারীতে ১০-১২ বছর আগে রাশেদ নামে শিবিরের একজন কর্মী ছিলেন। এখন তিনি সংগঠনের সঙ্গে জড়িত নন। রাশেদকে তিনি চেনেনও না বলে দাবি করেন ইসমাইল। পুলিশ জানায়, হাটহাজারীর শিকারপুর এলাকার এক তরুণীকে রাশেদ পছন্দ করতেন। জোর করে তাকে বিয়ে করার চেষ্টা চালান তিনি। কিন্তু তার পরিবার রাশেদের সঙ্গে বিয়েতে রাজি নয়। তারা ওই মেয়েকে নজু মিয়া হাটে নানার বাড়ি পাঠিয়ে দেয়। এএসপি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাশেদ ও তার সহযোগীরা রোববার বিকাল ৫টার দিকে নজু মিয়া হাটে ওই তরুণীকে তুলে নিয়ে যেতে আসে। এ সময় স্থানীয় মসজিদ থেকে ডাকাত পড়েছে বলে মাইকিং করে জানালে আশপাশের লোকজন ছুটে এসে রাশেদকে ধরে ফেলে। তার সহযোগিরা পালিয়ে যায়। তিনি জানান, ময়না তদন্তের জন্য রাশেদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৫০ ঘ.