ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের বেতনভাতা বিল রোববার জাতীয় সংসদে পাস হয়েছে। ফলে তাদের বেতন সর্বোচ্চ শতকরা ৮৩ ভাগ বাড়লো।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকালে আইন প্রণয়ন কার্যাবলীতে সংসদে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী পর্যায়ক্রমে 'দ্যা প্রেসিডেন্ট'স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) সংশোধনী বিল-২০১০, 'দ্য প্রাইম মিনিস্টার'স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) সংশোধনী বিল-২০১০' এবং 'দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) সংশোধনী বিল-২০১০' পাসের জন্য উত্থাপন করেন।
এসব বিল উত্থাপনে আপত্তি জানিয়ে প্রধান বিরোধী দলের সাংসদরা বক্তব্য রাখেন।
কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন,''দেশের সীমিত আয় বিবেচনায় রেখে এইসব বিল আনা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিলগুলো সর্বসম্মতভাবে পাস হয়েছে। এখন অধিবেশনে এসে বিরোধী দলের সাংসদরা বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যার কথা বলে আপত্তি তুলছেন। এটা সঠিক নয়। ''
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও রোববার সংসদে স্পিকার, ডেপুটি স্পিকার, সাংসদ, প্রধান বিচারপতিসহ বিচাপতিদের বেতনভাতাও বাড়াতে আলাদা আলাদা বিল পাস হয়।
আইনমন্ত্রী শফিক আহমেদ 'স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) সংশোধনী বিল-২০১০', 'সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) সংশোধনী-২০১০' এবং 'দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অর্ডার সংশোধনী বিল' উত্থাপন করেন।
এসব বিলে আপত্তি জানিয়ে বিরোধী দলের সদস্যরা বক্তব্য রাখেন। পরে কন্ঠভোটে তাদের আপত্তি নাকচের পর বিলগুলো পাস হয়।
বিলগুলো পাসের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, অর্থনৈতিক অবস্থা ও জাতীয় বেতন-২০০৯ কার্যকর হওয়ায় সামঞ্জস্য সাধনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যথাযোগ্য স্বাস্থ্যসেবা সুবিধা ও স্বেচ্ছাধীন তহবিল পুনঃনির্ধারণের লক্ষ্যে এসব বিলে সংশোধনী আনা হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধাদি, স্পিকার-ডেপুটি স্পিকার ও সাংসদদের মাসিক পারিতোষিক ও অন্যান্য সুবিধা বাড়াতে বিলগুলোতে সংশোধনী আনার প্রস্তাব করা হয়
একইভাবে ৭ম জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতিদের বেতনসহ অন্যান্য ভাতাদি বাড়ানোর সংশোধনী আনা হয়েছে।
বিলগুলোর ব্যাপারে আপত্তি জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির হারুন অর রশিদ, জাফরুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, রেহানা আখতার রানু,নীলুফার চৌধুরী নিলু ও স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।
গত ১ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সংসদে দ্যা প্রেসিডেন্ট'স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫, দ্য প্রাইম মিনিস্টার'স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫, দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৩, স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৪, সুপ্রিম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অর্ডিন্যান্স, ১৯৭৮ এবং দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অর্ডার, ১৯৭৩ এর সংশোধনীসহ প্রতিবেদন পেশ করে।
এর আগে গত ৮ মার্চ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্য, সাংসদ, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারকদের বেতনভাতা বাড়ানোর প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করে। এরপর ২২ মার্চ তা সংসদে উত্থাপন করা হয়।
নতুন কাঠামোতে রাষ্ট্রপতির বেতন ৬১ হাজার ২০০ টাকা। এ পদে আগের বেতন ছিল ৩৩ হাজার ৪০০ টাকা।
প্রধানমন্ত্রীর বেতন ৩২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার ৬০০ টাকা করা হলো।
নতুন কাঠামোয় মন্ত্রীরা পাবেন ৫৩ হাজার ১০০ টাকা করে। তাদের আগের বেতন ২৯ হাজার টাকা।
স্পিকারের বেতন ৩১ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৭ হাজার ২০০ টাকা। ডেপুটি স্পিকাররা পাবেন ৫৩ হাজার ১০০ টাকা।
প্রধান বিচারপতির বেতন হয়েছে ৫৬ হাজার টাকা। আগে ছিল ৩০ হাজার ৫০০ টাকা। আপিল বিভাগের বিচারপতিদের বেতন ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৫৩ হাজার ১০০ টাকা। হাইকোর্ট বিভাগের বিচারপতিদের বেতন ৪৭ হাজার টাকা থেকে ৪৯ হাজার টাকা করা হয়েছে।
প্রতিমন্ত্রীর বেতন করা হয়েছে ৪৭ হাজার ৮০০ টাকা। আগে ছিল ২৬ হাজার ১০০ টাকা। উপমন্ত্রীর বেতন আগের ২৪ হাজার ৬৫০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪৫ হাজার ১৫০ টাকা।
সাংসদদের বেতন ১৫ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৭ হাজার ৫০০ টাকা।
বেতনভাতা বৃদ্ধি সংক্রান্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ ৬টি বিল পাসের প্রক্রিয়া শুরুর আগে দিনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত স্ট্যাম্প সংশোধনী বিলটি পাসের জন্য উপস্থাপন স্থগিত রাখেন স্পিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/পিসি/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24