ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি সঙ্কটের প্রেক্ষাপটে রাজধানীতে পানিবণ্টন ব্যবস্থা তদারকিতে ঢাকা ওয়াসার পানির পাম্পগুলোতে বৃহস্পতিবার সেনা মোতায়েনের কথা থাকলেও তা হয়নি।
আগামী বুধবার তাদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসা চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বৃহস্পতিবার সেনাবাহিনী মোতায়েনের কথা ছিলো। তবে সকালে তাদের পক্ষ থেকে আগামী ৭ এপ্রিল মোতায়েন করার ব্যাপারে একটি চিঠি এসেছে।"
বর্তমানে রাজধানীতে প্রতিদিন ২২০ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকলে ১৯০ কোটি লিটার পানি উৎপাদন করতে পারে ওয়াসা।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, ঢাকা ওয়াসা এলাকার পানি সঙ্কট নিরসন, ব্যবস্থাপনা ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে পানিবণ্টন ব্যবস্থা তদারকিতে বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী নামছে।
প্রতিবছর শুষ্ক মৌসুমে পানি সঙ্কটের সময় বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সেনাবাহিনীর সাহায্য নেওয়া হয় জানিয়ে ওয়াসা চেয়ারম্যান বলেন, "বৃষ্টি শুরু হলে আগামী এক মাসের মধ্যে পানি সমস্যা অনেক কমে যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে মাসখানেকের মধ্যে সেনাবাহিনী উঠিয়ে নেওয়া হবে।"
ঢাকা ওয়াসার অধীনে নারায়ণগঞ্জের একটিসহ মোট ১০টি জোন অফিসে ৫৪৬টি পাম্প রয়েছে। এর মধ্যে ২৯৩টি জেনারেটরে এবং ৮০টি বিদ্যুতের বিকল্প সংযোগ দিয়ে চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/এজে/পিডি/১৯০৫ ঘ.
bdnews24