২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বচ্ছ বিচার চায় জাতিসংঘ

একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করে জাতিসংঘ বলছে, তারা চায় এ বিচার যেন স্বচ্ছ প্রক্রিয়ায় হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2010, 11:04 AM

Updated : 24 Aug 2022, 08:05 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করে জাতিসংঘ বলছে, তারা চায় এ বিচার যেন স্বচ্ছ প্রক্রিয়ায় হয়। ঢাকায় জাতিসংঘ সংস্থাগুলোর আবাসিক সমন্বয়ক রেনাটা লক ডেসালিয়ন বৃহস্পতিবার আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করেন। সচিবালয়ে বৈঠকের পর রেনাটা সাংবাদিকদের বলেন, "আমরা চাই এ বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হোক।" বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণেও আন্তর্জাতিক সংস্থাটির আগ্রহের কথা জানান তিনি। তবে রেনাটা একইসঙ্গে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিচার পর্যবেক্ষণের বিষয়ে তাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "জাতিসংঘ চাইলে পর্যবেক্ষক পাঠাতেই পারে। এ জন্যই আমরা বিচারের স্থানে সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বসার স্থান রেখেছি।" বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি স্বচ্ছতা ও নিরপেক্ষতা পুরোপুরি বজায় রাখা হবে বলে জানান তিনি। বিরোধী দলের সমালোচনার জবাবে আইনমন্ত্রী বলেন, "কেউ কেউ বলছেন রাজনৈতিক উদ্দেশ্যে বিচার করা হচ্ছে, এটা ঠিক নয়।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বুধবার বলেছিলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে যুদ্ধাপরাধের বিচার করতে চাইছে। বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তেমনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীও আওয়ামী লীগ সরকারের সরকারের এ উদ্যোগের সমালোচনা করে আসছে। আওয়ামী লীগেও যুদ্ধাপরাধী রয়েছে- বিএনপির কয়েকজন নেতার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় শফিক বলেন, "কে আপরাধী তা খুঁজে বের করার দায়িত্ব তদন্ত সংস্থার। এ বিষয়ে অন্য কারো মন্তব্য করা সমীচীন হবে না।" গঠিত ট্রাইব্যুনালের বিষয়ে মন্ত্রী বলেন, "বিচারের জন্য যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে, তারা খুবই দক্ষ। দীর্ঘদিন বিচার কাজের সঙ্গে জড়িত তারা। সুতরাং এ বিচার নিয়ে সন্দেহ প্রকাশের কোনো সুযোগ নেই। আইনের শাসন মেনেই এটা করা হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭০০ ঘ.