চাঁদপুর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার ভাঙনে গত এক সপ্তাহে চাঁদপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার ১৫০ মিটার তীর এলাকা বিলীন হলেও ভাঙন ঠেকাতে প্রশাসনের উদ্যোগহীনতার অভিযোগ করেছে দুর্গতরা।
ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহাকে স্মারকলিপি দিয়েছে জাফরাবাদবাসী।
ওই এলাকার আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকার লোকজনের প্রতিটি মুহূর্ত অনিশ্চতায় কাটছে।"
ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়াজী জানান, জাফরাবাদ এলাকার প্রায় ১৫০ মিটার নদী তীর গত এক সপ্তাহে মেঘনায় বিলীন হয়ে গেছে।
"ভাঙন তীব্র হওয়ায় লোকজন বসতঘর সরিয়ে নিচ্ছে", বলেন তিনি।
দুলাল মিয়াজী জানান, ভিটে হারানোরা রামদাসদী ও চান্দ্রাসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী জীবন কৃষ্ণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইব্রাহিমপুর ইউনিয়ন থেকে সাখুয়া ইউনিয়নের ৪ দশমিক ৪ কিলোমিটার এলাকার তীর সংরক্ষণের জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আগামী সপ্তাহে প্রকল্পটি অনুমোদন পেলে তারপরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তবে পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, সোমবার তারা ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩২৪ ঘ.
bdnews24