২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ছাত্রদের মারধরে কলেজ শিক্ষক আহত

নাটোরের দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষককে সোমবার সরকার সমর্থিত ছাত্র ও বহিরাগতরা মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 06:18 PM

Updated : 24 Aug 2022, 07:58 PM

নাটোর, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষককে সোমবার সরকার সমর্থিত ছাত্র ও বহিরাগতরা মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তারা অধ্যক্ষের কক্ষে ভাংচুরও চালায় বলেও পুলিশ জানিয়েছে। আহত অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ (৪২), ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জরুল হক (৫২), বাংলা বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা (৪১) ও পিয়ন মনিরুল ইসলামকে (৩২) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১২টার দিকে কলেজের সাবেক ছাত্র আনিছুর রহমান কয়েকেজন ছাত্র ও বহিরাগত নিয়ে অধ্যক্ষের কক্ষে ঢুকে তাকে বের হয়ে যেতে বলেন। অধ্যক্ষ বের না হয়ে ধমকে উঠলে তারা তাকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করে আনে। এ সময় অন্য শিক্ষকরা বাধা দিলে তাদেরও লাঞ্ছিত করে। এ সময় তারা কক্ষের চেয়ার-টেবিল ভাংচুর করে এবং চেয়ারের ভাংগা অংশ দিয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের মারধর করে চলে যায়। এর প্রতিবাদে শিক্ষকরা বেঞ্চ দিয়ে ঢাকা-নাটোর মহাসড়কে অবরোধ দিলে তারা আবারো লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। পুলিশ কর্মকর্তা বলেন, "আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। শিক্ষকদের চিকিৎসার ব্যবস্থা করেছি।" কোন পক্ষই লিখত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। চিকিৎসাধীন সহকারী অধ্যাপক মঞ্জরুল হক তার ডান হাত ভেঙে গেছে বলে জানান। অধ্যক্ষ আল আসাদ বিন সাঈদ বলেন, "আমার কলেজের সাবেক ছাত্র আনিছুরের নেতৃত্বে যুবলীগকর্মী সেন্টু, তার ভাই মেহেদী, নাটোর এনএস কলেজের ছাত্রলীগ কর্মী মুন্নাসহ বহিরাগতরা এই হামলা চালিয়েছে।" এ ব্যাপারে আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘদিন ধরে অধ্যক্ষ দুর্নীতি ও নানা অনিয়ম করে আসছেন। আমরা তার অপসারণ দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছি। "গত রোববার থেকে কলেজে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি দিয়েছি। তা সত্বেও তিনি আজ (সোমবার) কলেজে এসেছেন। তাই আমি সাধারণ ছাত্রদের সঙ্গে অধ্যক্ষ স্যারের কক্ষে গিয়ে তাকে কলেজ ছেড়ে যেতে বলেছি। "আমি শিক্ষকদের ওপর হামলা করিনি। শিক্ষকরাই লাঠিসোঁটা নিয়ে আমাদের তাড়া করেছেন এবং সড়ক অবরোধ করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.