২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে ব্যর্থ: সন্তু

সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিরষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্ত লারমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 03:55 PM

Updated : 24 Aug 2022, 07:58 PM

রাঙামাটি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিরষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্ত লারমা। তিনি বলেন, "বর্তমান সরকার দেশের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করলেও পার্বত্য চট্টগ্রামের সহিংস ঘটনাই প্রমাণ করে এ অঙ্গীকার রক্ষায় তারা ব্যর্থ হয়েছে।" সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তিন দিনব্যাপী নবম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় সন্তু লারমা এ কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীকে উদেশ্য করে বলেন, "আপনি কি পাহাড়ের কান্না শুনতে পান না? আপনার সরকারের ১৪ মাস অতিক্রান্ত হলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। "আপনি নিশ্চয়ই জানেন চুক্তি কেন করেছি। আসলেই পাহাড়িদের অধিকার প্রতিষ্ঠায় আপনি আন্তরিক কিনা- এ প্রশ্ন এখন প্রতিটি পার্বত্যবাসীরই।" সন্তু লারমা অভিযোগ করেন, সংস্কারপন্থী হিসেবে পরিচিত জনসংহতির 'বিদ্রোহী' গ্র"প এবং চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) সরকারের একটি অংশ মদদ দিচ্ছে। অবিলম্বে ইউপিডিএফসহ চুক্তিবিরোধী সব সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। রাঙামাটি জিমনেশিয়াম প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- গণফোরামের সভাপতি মন্ডলীর সদস্য পঙ্কজ ভট্টচার্য্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য মো. শাহ আলম ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উদয়ন ত্রিপুরা। এছাড়া সম্মেলনে জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদার, গৌতম চাকমা, শক্তিপদ ত্রিপুরাসহ মহিলা সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল ইউমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন, খাগড়াছড়ির সহিংস ঘটনায় আওয়ামী লীগের লোকরাও জড়িত ছিল। তিনি দাবি করেন, জড়িতদের নামের তালিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে তিনি নিজে জমা দিয়েছেন। কিন্তু এখনো তাদের বহিস্কার করা হয়নি। বাঘাইহাটে গুলি করে দুই আদিবাসীকে হত্যার বিচার দাবি করেন পঙ্কজ। এর আগে দুপুর ১২টার দিকে সন্তু লারমা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে তিন পার্বত্য জেলা থেকে জনসংহতি সমিতির প্রতিনিধি ও পর্যবেক্ষক ছাড়াও বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীয় যোগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৫ ঘ.