ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ছয় বছরে 'ক্রসফায়ারে' কোনো মৃত্যুর ঘটনাই বিচার বহির্ভূত হয়নি বলে দাবি করেছেন র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন, মানবাধিকার রক্ষায় র্যাব সবসময়ই সচেষ্ট রয়েছে
রোববার র্যাবের বাৎসরিক মূল্যয়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রধান এ কথা বলেন।
এলিট এই বাহিনীর কথিত 'ক্রসফায়ার' বা 'এনকাউন্টারে' প্রায়শ মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "এ বছর র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৪ জন নিহত হয়েছে। র্যাব প্রতিষ্ঠার পর গত ছয় বছরে এনকাউন্টারে মোট ৬২২ জনের মৃত্যু হয়েছে। এর প্রতিটি ঘটনারই তদন্ত হয়েছে। রীতি বর্হিভুত বা বিচার বহির্ভূত কিছু ঘটানোর অবকাশ র্যাবের নেই। এ ধরণের কার্যক্রম র্যাব জ্ঞানত করে না।"
মানবাধিকারের বিষয়ে র্যাব সদস্যরা সবসময়ই সতর্ক থাকেন উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, তাদেরকে সবসময় মানবাধিকারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন দেশের মানবাধিকার বিশেষজ্ঞরা তাদের প্রশিক্ষণ দিয়ে থাকেন।
কারও বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সেক্ষেত্রে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় বলে তিনি জানান।
গত একবছরের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে র্যাব মহাপরিচালক বলেন, সন্ত্রাস বিরোধী অভিযানে গত একবছরে মোট ১৭,৭৫২জনকে র্যাব গ্রেফতার করেছে। বিভিন্ন ধরণের ১,৫১১টি দেশী-বিদেশী অস্ত্র, গুলি গ্রেনেড ককটেল উদ্ধার করেছে। বিভিন্ন জঙ্গি সংগঠনের ৭৮জনকে গ্রেফতারসহ অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়।
২০০৪ সালের ২৬ মার্চ র্যাব গঠন করা হয়।
সন্ত্রাস ও জঙ্গি বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে এই এলিট ফোর্স দ্রুত আলোচনায় উঠে আসে। তবে কথিত 'ক্রসফায়ার' বা 'এনকাউন্টারে' প্রায়শ মৃত্যুর ঘটনায় এই বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০০৩৭ ঘ
bdnews24