২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ শহরে ১৪৪ ধারা

একই স্থানে জামায়াত ও আওয়ামী লীগ সভা আহবান করায় চাঁপাইনবাবগঞ্জ শহরে রোববার ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2010, 12:41 PM

Updated : 24 Aug 2022, 07:57 PM

চাঁপাইনবাবগঞ্জ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই স্থানে জামায়াত ও আওয়ামী লীগ সভা আহবান করায় চাঁপাইনবাবগঞ্জ শহরে রোববার ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সকাল ৮টায় শহরের শহীদ সাটু হল এবং দুপুরে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। পরবর্তী ২৪ ঘণ্টা এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কে এম আলী আজম। তিনি সাংবাদিকদের জানান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিকাল ৩টায় শহরের শহীদ সাটু হলে দলীয়কর্মী সভায় বক্তব্য দেওয়ার কথা ছিল। একই সময় সেখানে জেলা আওয়ামী লীগ সভা করার ঘোষণা দিলে আইন-শৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শহীদ সাটু হল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। জামায়াত শহীদ সাটু হল থেকে শহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমিতে কর্মসূচি স্থানান্তর করলে দুপুরে প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। তবে জামায়াত বিকালে শহরের ইসলামপুরে জেলা কার্যালয়ে কর্মীসভা করেছে বলে দলীয় নেতারা জানান। চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাযাতের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মজিবুর রহমান ও ঢাকা মহানগর কমিটির সহ-সম্পাদক নুরুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। জামায়াত নেতা মুজাহিদ শনিবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জে এসে পৌরসভার রেস্ট হাউসে উঠেন। এ খবর পেয়ে রাতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পাল্টা কমসূচি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৭ ঘ.