ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলায় আদালত সমন জারি করেছে।
রোববার ঢাকার মুখ্য মহানগর আদালতে নতুন মামলাটি করেছেন আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট পিকে আব্দুর রব।
শুনানি শেষে হাকিম মেহেদী হাসান তালুকদার আগামী ২৮ এপ্রিল শওকত মাহমুদকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
আরজিতে আব্দুর রব বলেন, শওকত মাহমুদ কক্সবাজারের সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাত 'গুঁড়িয়ে' দেওয়ার হুমকি দিয়েছেন। এতে আওয়ামী লীগ সমর্থক হিসেবে বাদির সম্মানহানি হয়েছে।
শওকত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে ওই সমাবেশে বক্তব্য রাখেন।
আব্দুর রব তার আরজিতে আরো বলেন, আদালতের রায় উপেক্ষা করে শওকত মাহমুদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক অভিহিত করেছেন, এর মধ্য দিয়ে আদালত অবমাননাও করেছেন তিনি।
রবের মামলার বিষয়ে দুপুরে শুনানি হতে পারে বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
কক্সবাজারের ওই সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে 'বটতলার উকিল' সম্বোধন করায় গত বৃহস্পতিবার শওকতের বিরুদ্ধে মানহানির অন্য মামলাটি করেন আওয়ামী লীগ সমর্থক আরেক আইনজীবী।
ওই মামলায় শওকতকে আগামী ৮ এপ্রিল হাজির হতে বলেছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫১১ ঘ.
bdnews24