চট্টগ্রাম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীর অভিজাত বিপণী বিতানে একটি সোনার দোকানে চুরি হয়েছে।
নিউ মার্কেটের দোতলায় খাজা মডার্ন জুয়েলার্স কর্তৃপক্ষের দাবি, চুরি যাওয়ার সোনার পরিমাণ ৫০০ ভরি।
চুরির জন্য দোকানের দুই কর্মচারীকে সন্দেহ করছেন মালিক এসএম তারেক।
পুলিশ বলছে, কী পরিমাণ সোনা চুরি হয়েছে এবং কারা এতে জড়িত তা তদন্তেই বেরিয়ে আসবে।
তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে দোকান খুলে তিনি ক্যাশবাক্স ও সিন্দুক ভাঙ্গা পেয়ে চুরির বিষয়টি ধরতে পারেন।
দোকানের দুই কর্মচারী সকালে কাজে যোগ দেয়নি জানিয়ে তিনি বলেন, "আজগর ও মনসুর (কর্মচারী) রাতে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ২ লাখ টাকা ও সিন্দুক ভেঙ্গে ৫০০ ভরির মতো র্স্বণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে।"
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে চুরির ঘটনা ঘটেছে। মালিক দাবি করেছে, তাদের ৫০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ২ কর্মচারী নিয়ে গেছে।"
"তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে আসলে কী পরিমাণ স্বর্ণ চুরি গেছে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯০০ ঘ.
bdnews24