২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুকের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ভিওআইপি সংশ্লিষ্টতার অভিযোগ আনায় সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে আরেকটি মানহানি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2010, 12:17 PM

Updated : 24 Aug 2022, 07:50 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ভিওআইপি সংশ্লিষ্টতার অভিযোগ আনায় সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে আরেকটি মানহানি মামলা হয়েছে। অন্যদিকে এ অভিযোগের আটটি মামলায় ফারুক বুধবার আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে গেলে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ফারুক গত ১১ মার্চ সংসদে বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজিব আহমেদ ওয়াজেদ অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত। পরদিন এক সংবাদ ব্রিফিংয়েও একই অভিযোগ করেন তিনি। এরপর বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা হলো, সবগুলোরই বাদি আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা। বুধবার ঢাকার হাকিম আদালতে এ পর্যন্ত সর্বশেষ মামলাটি করেন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী এমএইচএম আমিনুল। হাকিম মেহেদী হাসান তালুকদার এ মামলায় ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। মঙ্গলবার একই হাকিম একই অভিযুক্তের বিরুদ্ধে আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। নিজেকে রাজনৈতিক বিশ্লেষক দাবি করে আমিনুল এজাহারে অভিযোগ করেন, রাজনৈতিক পরিবারের সন্তান সজিবের বিরুদ্ধে 'মিথ্যা' অভিযোগ আনায় ব্যক্তিগতভাবে তারও মানহানি হয়েছে। আমিনুল তার ঠিকানায় লিখেছেন- ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, যা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। ঢাকা (মঙ্গলবার দায়ের করা), মাগুরা, বগুড়া, পঞ্চগড়, রাজবাড়ী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার আটটি মামলায় আগাম জামিন চেয়ে দুপুরে হাইকোর্টে হাজির হন ফারুক। বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া ও বিচারপতি আব্দুর রাজ্জাকের বেঞ্চ তাকে এসব মামলায় আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। শরীয়তপুর, নীলফামারী, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও পাবনার ছয়টি মামলায় ফারুক মঙ্গলবার আগাম জামিন চাইলেও একই বেঞ্চ একই নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/প্রতিনিধি/১৮০০ ঘ.