পাবনা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামে মঙ্গলবার রাতে চরমপন্থি সন্দেহে দু'জনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, রাত ৯টার দিকে পাবনার আলোকদিয়ার গ্রামের আব্দুল হাই সরকার নামের এক বিএনপি নেতার বাড়িতে ১০/১২ জন 'চরমপন্থি' বোমা হামলা চালায়। এ সময় আব্দুল হাই সরকারসহ তিনজন আহত হন।
হামলার পরপরই মসজিদের মাইকে এ খবর শুনে গ্রামবাসী একত্রিত হয়ে দুই চরমপন্থিকে ধরে পিটিয়ে হত্যা করে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আহত আব্দুল হাই সরকারকে (৫৫) গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ধুলাউড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.
bdnews24