রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগকর্মী হত্যা ও হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ শিবিরকর্মীকে পুলিশ আটক করেছে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস থেকে সোমবার রাত ও মঙ্গলবার এদের আটক করা হয়।
এরা হলেন- আরবি বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবুল বাশার, একই বিভাগের সাবেক ছাত্র আব্দুস সালাম, সালামের আত্মীয় হানিফ ও শিকদার এবং ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল মতিন।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক সালাম, হানিফ ও শিকদারের বাড়ি পাবনা জেলায়। সালাম মঙ্গলবার দুপুরে হানিফ এবং শিকদারকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে তার বোনের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের আটক করে পুলিশে দেয়।
বাশারকে মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে আটক করা হয়।
এছাড়া সোামবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪০২ নম্বর কক্ষ থেকে আটক করা হয় আব্দুল মতিনকে।
আটকদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
গত ৮ ফেব্র"য়ারি রাবি ক্যম্পাসে শিবিরের হামলায় ছাত্রলীগকর্মী ফারুক নিহত হন। ওই হামলা ও খুনের ঘটনায় এ পর্যন্ত জামায়াত ও শিবিরের শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24