ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে সৌদিয়া এস আলম পরিবহন কাউন্টারে সাম্প্রতিক জোড়া খুনের ঘটনায় মঙ্গলবার সকালে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার আহসান উল্লাহ রবীন (১৮) ও মো. সোহেলকে দুপুরে র্যাব-৩-এর টিকাটুলী কার্যালয়ে সংবাদ সম্মেলনে (২৫) হাজির করা হয়। খাওয়ার পানি ভাগাভাগি নিয়ে কথাকাটির জের এবং কাউন্টার লুটের উদ্দেশ্যে এ ঘটনা ঘটে বলে জানায় র্যাব।
র্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, খুনের ঘটনায় তিনজন অংশ নেয়। গ্রেপ্তার দুইজনের সঙ্গে কাউন্টার লুট ও ইলিয়াসকে হত্যার পরিকল্পনা করে পলাতক আসামী ও পরিবহনের হেলপার আল-আমিন।
১৬ মার্চ (মঙ্গলবার) সকালে আরামবাগ সৌদিয়া এস আলম কাউন্টার থেকে পরিবহনটির পিওন ইলিয়াস ও অপেক্ষমাণ যাত্রী এসএমএ সুফিয়ানের লাশ উদ্ধার করে পুলিশ। এদের একজনকে জবাই করা এবং একজনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।
গ্রেপ্তার রবীন ও সোহেল সাংবাদিকদের জানান, চট্রগাম থেকে আসা খাওয়ার পানির বোতলের দুইটি বাক্স ভাগাভাগি নিয়ে আল আমীন ও ইলিয়াসের মধ্যে কথা কাটাকাটি হয়। আল আমিন তাদের একথা জানালে তারা ইলিয়াসকে মারধোরের পরিকল্পনা করে। (সোমবার) রাত সাড়ে ৩টায় আল-আমীন ইলিয়াসকে ছুরি চালিয়ে হত্যা করে। সুফিয়ান দেখে ফেললে তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর আসামীরা পোশাক বদলে সুফিয়ান ও ইলিয়াসের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে কাউন্টার বন্ধ করে চলে যায় বলে জানান কর্নেল মামুন।
কাউন্টার লুটের জন্য এ হত্যাকাণ্ড হয়নি বলে দাবি করেন রবীন ও সোহেল।
সোহেল জানান, হত্যার পর কাউন্টারের সিন্দুক খোলার চেষ্টা করে তারা ব্যর্থ হন। পরে মোবাইল ফোন ও নয় হাজার টাকা নিয়ে ভোর ৫টায় কাউন্টার তালা দিয়ে তারা পালিয়ে যান।
ঘটনার পর পরিবহন কাউন্টারের সব কর্মচারীর মোবাইল কলতালিকা যাচাই করা হয় বলে জানায় র্যাব। কয়েকজনকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের পর দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯০৬ ঘ.
bdnews24