বাগেরহাট, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্প সংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকার বনে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার দুপুরের পর ওই এলাকায় আকাশে ধোঁয়া উঠতে দেখে বনকর্মীরা আগুন লাগার বিষয়টি টের পান। এর পরপরই তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। রোববার সারাদিন প্রায় পাঁচ একর এলাকাজুড়ে বিভিন্ন স্থানে থেমে থেমে আগুন জ্বলে। রাতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো।
রাত সাড়ে ৮টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্ধকারে কাজ করা যাচ্ছে না। তাই আগুন নেভানোর কাজে কর্মরত বন কর্মচারী ও শ্রমিকদের যে যার মতো চলে যেতে বলা হয়েছে। সকালে প্রয়োজনে আবার আসতে বলা হবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে রাতেও ডাকা হতে পারে।
তিনি আরো বলেন, ৭০ জন বনকর্মী, শতাধিক শ্রমিক, গ্রামবাসী এবং দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে সারাদিন। যেখানে আগুন লেগেছে তার চারপাশে ড্রেন কেটে (লাইন অব ফায়ার) আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
মিহির জানান, জোয়ারের সময় ওই এলাকার বনে পানি না ওঠায় এলাকাটি শুষ্ক থাকে। এখানে লতা-পাতা এবং গুল্ম জাতীয় সিংড়া ও বলা গাছ বেশি জন্মায়। এলাকায় খর্বাকৃতি কিছু সুন্দরী গাছও রয়েছে।
"আগুনে এ সব লতা, গুল্ম ও গাছ পুড়ে যাচ্ছে", বলেন তিনি।
ঘটনাস্থলের পাশের একটি খালে জোয়ারের সময়ে ওঠা পানি আটকে সেই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়।
রোববার দুপুরে ঘটনাস্থল থেকে ফিরে বাগেরহাটের মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার শিকদার সাংবাদিকদের জানান, প্রায় চার-পাঁচ একর এলাকায় অন্তত ১৫ থেকে ২০টি স্থানে আগুন দেখা যাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
উপপ্রধান বন সংরক্ষক (সামাজিক বনায়ন শাখা) এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের সাবেক বিভাগীয় বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, সুন্দরবন পূর্ব বিভাগের উত্তর-পূর্ব কোনে ভোলা নদীর তীরবর্তী প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ একটি এলাকায় বিভিন্ন স্থানে ভূ-ভাগ উঁচু হয়ে গেছে। এ সব জায়গায় জোয়ারের পানি ওঠে না।
তিনি বলেন, "শীতকালে এই এলাকায় বনের পাতা পড়ে ছয় থেকে নয় ইঞ্চি পর্যন্ত পুরু স্তর তৈরী হয়। আধাপচা এই পাতার ফাঁকে মিথেন গ্যাস জমে থাকে। ফেব্র"য়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এ সব এলাকা শুষ্ক থাকে। এ সময় বন ব্যবহারকারীদের ফেলে যাওয়া বিড়ি-সিগারেট বা মৌয়ালদের মশালের আগুন থেকে অথবা প্রখর সূর্যতাপের কারণে শুকনো পাতা থেকে বনে আগুন ধরে থাকে। তাই প্রতি বছর বৃষ্টি না আসা পর্যন্ত ওইসব এলাকায় এ ধরনের আগুনের সম্ভাবনা থাকে।
তিনি বলেন, প্রাকৃতিক কারণে সুন্দরবনের নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এটা জলবায়ু পরিবর্তনের প্রভাবের একটি অংশ মাত্র। এই অবস্থা থেকে উত্তোরণের সহজ কোন পথ নেই।
২০০১ সালে সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ নিয়ে স্বতন্ত্র সুন্দরবন পূর্ব বিভাগের কার্যক্রম শুরু হয়। এরপর ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত চাঁদপাই স্টেশন থেকে তেরাবেকা ক্যাম্প পর্যন্ত ভোলা নদীর তীরবর্তী কয়েকটি এলাকায় ফেব্র"য়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে অন্তত নয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এর মধ্যে ২০০৪ সালে চাঁদপাই রেঞ্জের নাংলি ও আড়
bdnews24