ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার অবৈধ সব বিলবোর্ড উচ্ছেদের আদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে।
রোববার সকালে দায়ের করা এ রিট আবেদনে অবৈধ বিলবোর্ড অপসারণে শাহবাগ থানার ওসির অসহযোগিতার ব্যাখ্যা চাওয়ার জন্যও আদালতের প্রতি আহ্বান জানানো হয়।
রিট আবেদনটি করেছে মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
বিচাপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চে দুপুরে মানবাধিকার সংগঠনের পক্ষে আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল একেএম জহিরুল হক।
বিলবোর্ড অপসারণে পুলিশ যেন সহায়তা করে, আদালতের কাছে সে নির্দেশও চাওয়া হয়েছে।
গত ১৫ মার্চ রাজধানীতে বিলবোর্ড চাপা পড়ে দুজনের মৃত্যুর পর ১৮ মার্চ পুলিশ নিয়ে অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করে ঢাকা সিটি কর্পোরেশন।
তবে শাহবাগ থানা পুলিশ অসহযোগিতা করায় অভিযান শেষ করতে পারেননি ডিসিসির ম্যাজিস্ট্রেট।
পুলিশ প্রত্যাহার প্রসঙ্গে শাহবাগ থানার ওসি রেজাউল সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ে নিয়মিত দায়িত্ব পালনের জন্য পুলিশ প্রত্যাহার করা হয়।"
হাইকোর্টে শুনানিতে শাহবাগ থানার ওসির তৎপরতার সমালোচনা করেন মোরসেদ। তিনি ওসিকে আদালতে তলবের আবেদনও জানান।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জহিরুল এ বিষয়ে বিস্তারিত জানতে সময় চাইলে আদালত এক দিন সময় দিয়ে সোমবার এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছে।
রাজধানীতে বৈধ বিলবোর্ড ও মেগা সাইনের সংখ্যা পাঁচশ। এর বাইরে প্রায় প্রায় আড়াই হাজার অবৈধ বিলবোর্ড রয়েছে বলে ডিসিসি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৪ ঘ.
bdnews24