ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক সন্ত্রাসীরা নিজেদের ঘাঁটি হিসাবে আফগানিস্তান ও পাকিস্তানের পর নতুন আশ্রয়স্থল হিসাবে বাংলাদেশকে বেছে নিতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
রোববার রাজধানীর হোটেল শেরাটনে 'আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী সক্ষমতা বৃদ্ধি' শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ ইন্সটিটিউট অফ পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত পাঁচদিনব্যাপী এই কর্মশালায় দেশ- বিদেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
বিআইপিএসএস-এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনীরুজ্জামান বলেন, আফগানিস্তান ও পাকিস্তানে যেভাবে জঙ্গিদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে, তাতে তারা আশ্রয়ের জন্য নতুন দেশ খুঁজে বের করার চেষ্টা চালাতে পারে। সে হিসাবে বাংলাদেশকে তারা তাদের জন্যে একটি নমনীয় দেশ হিসেবে মনে করতে পারে।
তিনি বলেন, আমাদের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বর্তমানে ৩০টির বেশি জঙ্গি সংগঠন আছে। এসব সংগঠন তাদের জন্যে সহায়ক হবে।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেন মুনীরুজ্জামান।
"দেশগুলো পারস্পরিক সহযোগিতা না করলে এটা দমন করা সম্ভব হবে না", বলেন তিনি।
সিঙ্গাপুরভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চ (আইসিপিভিটিআর)-এর প্রধান গবেষক জন হ্যারিসন তার ব্যক্তিগত পর্যবেক্ষণের কথা তুলে ধরে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তা ব্যবস্থায় অনেক ঘাটতি রয়েছে। এখানে যে কেউ একটি তদারকি ও পর্যবেক্ষণ ছাড়াই সহজে বেরিয়ে যেতে পারে।
"সারাবিশ্বেই এখন বিমানবন্দরগুলো সন্ত্রাসীদের প্রধান লক্ষ্যস্থলে পরিণত হয়েছে। সুতরাং বিমানবন্দরের শিথিল নিরাপত্তা ব্যবস্থা দেশে সন্ত্রাস সৃষ্টির সুযোগ সৃষ্টি করে", বলেন তিনি।
পাঁচদিনব্যাপী এই কর্মশালায় যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞ ও কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
এই কর্মশালায় বর্তমানে সন্ত্রাসের ধরন পরিবর্তন, সঙ্কটকালে বিভিন্ন সংস্থায় তথ্য ব্যবস্থাপনা, বিভিন্ন ধরনের মারণাস্ত্র, সন্ত্রাসীদের অর্থের উৎস, সংবাদ মাধ্যমের ভুমিকা ও সন্ত্রাসীদের পুনর্বাসন ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
যুক্তরাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় প্রথম বছরে জাতীয় পর্যায়ে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় বছরে কর্মশালা হবে আঞ্চলিক পর্যায়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৩২৪ঘ.
bdnews24