ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে শিক্ষাঙ্গনে অরাজক পরিস্থিতির প্রতিবাদ হিসেবে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক সাদা দলের শিক্ষকরা।
দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এ কর্মসূচি পালন হয়।
মানববন্ধন শেষে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরুল আমিন বলেন, "সরকারি ইডেন, বদরুন্নেছা ও ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা চলছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদির মাধ্যমে শিক্ষাঙ্গনের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা হচ্ছে।"
"বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী নিপীড়নের মাধ্যমে সরকারি দলের ছেলেরা নারী শিক্ষাকে নিরুৎসাহিত করছে," দাবি করেন সদরুল।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, "আওয়ামী লীগ সরকার ধর্ষণে সেঞ্চুরিয়ান মানিককে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে। এর মাধ্যমে তার উত্তরসূরীদের উৎসাহিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বলেন, "এ সরকারের আমলে মহান একুশে ফেব্র"য়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়ার পর একজন ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে।"
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক শাহিদা রফিক, ফামের্সী অনুষদের ডিন অধ্যাপক আব্দুর রশিদ, রোকয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লায়লা নূর ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩১৩ ঘ.
bdnews24