২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ১০টি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

সরকার ১০টি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৭ হাজার ২০৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 03:17 PM

Updated : 24 Aug 2022, 07:35 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ১০টি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ৭ হাজার ২০৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। '৮৩০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টস স্থাপন প্রকল্প' ২০১১ সালের শেষ নাগাদ বাস্তবায়িত হবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। এ প্রকল্পের আওতায় ডিজেল বা ফার্নেস ফুয়েল চালিত ১০টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে, যেগুলো পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদন করবে। এদের মোট উৎপাদন ক্ষমতা হবে ৮৩০ মেগাওয়াট। এ বিষয়ে মন্ত্রী বলেন, "এসব বিদ্যুৎ কেন্দ্র পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদন করবে।" তিনি জানান, এ প্রকল্পের জন্য ৭ হাজার ২০৩ কোটি টাকার মধ্যে সরকার ৭ হাজার ৮৫ কোটি টাকার যোগান দেবে। বাকী ১১৮ কোটি টাকা দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। প্রকল্পের আওতায় নরসিংদি জেলার ঘোড়াশালে ২০০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। গোপালগঞ্জ এবং চট্টগ্রামের হাটহাজারী ও দোহাজারীতে ১০০ মেগাওয়াট ক্ষমতার তিনটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। পাবনার বেড়ায় ৮০ মেগাওয়াট ক্ষমতার ১টি এবং পাবনার বাঘাবাড়ি, রাজশাহীর কাটাখালি, নওগাঁয়ের সান্তাহার, কুমিল্লার দাউদকান্দি ও ফরিদপুর জেলায় ৫০ মেগাওয়াট ক্ষমতার ১টি করে ৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়া একনেক বৈঠকে ১ হাজার ২৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ 'আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কমপ্লেক্সের ইউনিট ৩, ৪ ও ৫ এর আধুনিকায়ন ও পুনর্বাসন (৩য় সংশোধিত) প্রকল্প' অনুমোদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এইচএ/২১০৯ ঘ.