২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ দফা দাবিতে লঞ্চ ধর্মঘট চলছে

২২ দফা দাবিতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের লঞ্চ ধর্মঘট মঙ্গলবার সকালেও অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 06:11 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২২ দফা দাবিতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের লঞ্চ ধর্মঘট মঙ্গলবার সকালেও অব্যাহত রয়েছে। সোমবার রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয়। মঙ্গলবার সকালে সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। দক্ষিণবঙ্গের বিভিন্ন রুট থেকে লঞ্চ এসে যাত্রী নামিয়ে ঘাট থেকে সরিয়ে ফেলছে। নৌ ট্রাফিক পরিদর্শক মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টা ১৫ মিনিট থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে ১২টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু একটিও লঞ্চ ছাড়েনি। এ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন রুট থেকে ৩৯টি লঞ্চ টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দিয়ে ঘাট থেকে সরিয়ে নোঙ্গর করেছে বলে জানান তিনি। প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদরঘাট থেকে ৩৮টি রুটে ৪৪টি লঞ্চ ছেড়ে যায়। বেশ কয়েকজন যাত্রী ঘাটে এসেও ধর্মঘটের কারণে ফিরে যান। মিরপুর থেকে আসা মো. নজরুল ইসলাম জানান, তিনি জরুরি কাজে শরীয়তপুরের ডামুড্যায় যাওয়ার জন্য সকালে সদরঘাটে আসেন। ধর্মঘটের কারণে কাজ ফেলেই বাড়ি ফিরতে হচ্ছে তাকে। অসুস্থ বাবাকে দেখতে চাঁদপুর যাওয়ার জন্য ঘাটে আসেন কেরানীগঞ্জের বাসিন্দা গৃহিনী শাহনাজ পারভীন। তাকেও বাড়ি ফিরে যেতে হয়। লঞ্চচালক মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন বৃদ্ধি ও নৌ নিরাপত্তা দেওয়ার দাবিসহ উল্লেখযোগ্য আরো কয়েকটি দাবি ২২ দফার মধ্যে রয়েছে। অন্তত উল্লেখযোগ্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১২১২ ঘ.