ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২২ দফা দাবিতে সোমবার রাত ১২টা এক মিনিটে সারা দেশে অনির্দিষ্টকালের লঞ্চ ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন।
নৌ-যান শ্রমিক ফেডারেশনের কোষাধ্যক্ষ আব্দুল মালেক গভীর রাতে লঞ্চ ধর্মঘট শুরুর কথা জানান। তিনি বলেন, ধর্মঘট শুরু হওয়ার আগেই যেসব লঞ্চ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে সেগুলো গন্তব্যে পৌঁছার সুযোগ পাবে। তবে নতুন করে অন্য কোনো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারবে না।
লঞ্চ শ্রমিকদের ২২ দফা দাবি বাস্তবায়নে মালিক ও শ্রমিকদের নিয়ে সোমবার সরকারের ত্রিপক্ষীয় সভা ফলপ্রসূ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী এ ধর্মঘট শুরু হলো।
চলতি মাসের শুরুতে ন্যুনতম বেতন নির্ধারণ ও নিয়োগপত্রসহ ২২ দফা দাবিতে লঞ্চ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে শ্রমিক ফেডারেশন।
সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার রাত আটটা পর্যন্ত ত্রিপক্ষীয় সভা হয়। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বিকেল পাঁচটায় সভা শুরু হয়।
মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার, শ্রম অধিদপ্তরের পরিচালক আবু তালেব, অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার সহ-সভাপতি বদিউজ্জামান বাদল, লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সহিদুল ইসলাম ভূঁইয়া, নৌ-যান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম ও কোষাধ্যক্ষ আব্দুল মালেকসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।
দুই দিনের মধ্যে মালিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং সচিব আব্দুল মান্নান হাওলাদারের আশ্বাস সোমবার প্রত্যাখ্যান করেন শ্রমিক প্রতিনিধিরা।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান শ্রমিক নেতাদের এ ধরণের আচরণকে 'অসৎ উদ্দেশ্য' হিসেবে অভিহিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সভায় আগামী ১৭ মার্চ আবারো মালিকদের সঙ্গে শ্রমিকদের বসার প্রস্তাব দেওয়া হয়। সেখানেই সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে উভয়পক্ষকে সমঝোতায় আসার সুযোগ দিতে বলা হয়।"
দুই পক্ষকেই বুধবার আবারো বৈঠকে বসতে অনুরোধ করা হয়েছে বলে জানান নৌমন্ত্রী।
সভা শেষে নৌ-যান শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি সহ-সভাপতি শাহ আলম ও কোষাধ্যক্ষ আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের সঙ্গে মালিক ও শ্রমিকদের এ সভা কার্যত ব্যর্থ হয়েছে। এতে সরকারের পক্ষ থেকে আরো দু'দিন সময় চাওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের পক্ষ থেকে সময় দেওয়া সম্ভব নয়।"
শাহ আলম জানান, এর আগেও সরকারকে এজন্য সময় দেওয়া হয়েছে। ২২ দফার যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে এর আগে হওয়া ত্রিপক্ষীয় চুক্তির কিছুই এখনো বাস্তবায়িত হয়নি।
অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার সহ-সভাপতি বদিউজ্জামান বাদল জানান, বৈঠকে শ্রমিক প্রতিনিধিদের একগুঁয়েমির কারণে কোন সুরাহা হয়নি।
লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, "শ্রমিক ফেডারেশনের নামে এসব নেতা শ্রমিকদের জিম্মি করে ফেলেছে। শ্রমিকদের 'অবৈধ ধর্মঘট' প্রত্যাহারে সরকারের পরবর্তী পদক্ষেপ পর্যন্ত মালিকদের অপেক্ষা করতে হবে।"
তাদের ভাষায় 'অবৈধ ধর্মঘটে'র সময় মালিকরা লঞ্চ চালানোর কোন উদ্যোগ নেবে কিনা, এ প্রশ্নের জবাবে সহিদুল ইসলাম বলেন, তাদের কাছে শ্রমিকরা জিম্মি থাকবে। এ অবস্থায় মালিকরা লঞ্চ চালানোর ঝুঁকি নেবে না।
সমস্যার সমাধান প্রসঙ্গে মন্ত্রী বলেন, "সমস্যাটি মালিক ও শ্রমিকদের নিজেদের। তাদেরই বসে সমস্যার সমাধান করতে হবে। সরকার কোন সিদ্ধান্ত দিলে, তা মালিক অথবা শ্রমিকরা নাও মানতে পারে।"
লঞ্চ যাত্রীদের দুর্ভোগ লাঘবে সরকার কোন উদ্যোগ নেবে কি না, এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কোন মালিক লঞ্চ চালাতে চাইলে চালাতে পারে। এক্ষেত্রে কোন বাধা আসলে সরকার তা দেখবে। তবে সরকার এ ধরনের কোন উদ্যোগ নেবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/এইচএ/০০১৯ ঘ.
bdnews24