২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেনা প্রত্যাহার করায় পাহাড়ি-বাঙালি সংঘাত হয়েছে'

পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহারের কারণে পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনা ঘটেছে বলে মনে করেন জাতীয় সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2010, 03:49 PM

Updated : 24 Aug 2022, 07:33 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহারের কারণে পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনা ঘটেছে বলে মনে করেন জাতীয় সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। সোমবার রাঙামাটি ও খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি ও বেসরকারি ত্রাণ বিতরণের ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি বৈষম্য করা হয়েছে বলেও জয়নুল অভিযোগ করেন। রাঙামাটি ও খাগড়াছড়িতে রক্তক্ষয়ী সহিংসতার ২০ দিন পর সোমবার বিএনপির একটি সংসদীয় প্রতিনিধি দল পার্বত্যাঞ্চল সফর করে। জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বাধীন এ দলের অন্য সদস্যরা হলেন- জাফরুল ইসলাম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এবিএম আশরাফ উদ্দিন নিজান ও নাজিমউদ্দিন আহমেদ। খাগড়াছড়ি সার্কিট হাউসে সংবাদ ব্রিফিং শেষে জেলা বিএনপি আয়েজিত এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা বিএনপি সভাপতি দীপেন দেওয়ান, তার স্ত্রী মৈত্রী দেওয়ান, খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান সমীরণ দেওয়ান ও মনীন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা সম্পাদক ইউসুফ চৌধুরী, খাগড়াছড়ি জেলা ছাত্রদল সভাপতি মো. জয়নাল আবেদীন প্রমুখ। আগামী ২৭ মার্চ চট্টগ্রামের লালদিঘী মাঠের জনসভায় খালেদা জিয়া পার্বত্য চট্টগ্রামের ঘটনা নিয়ে বক্তব্য দেবেন বলে মতবিনিময় সভায় বিরোধীদলের প্রধান হুইপ জানান। এর আগে বিএনপির সংসদীয় দল খাগড়াছড়ি সদর উপজেলার সাতভাইয়াপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ছয় সদস্যের দলটি সকালে সড়কপথে পার্বত্যাঞ্চল রওনা হন। রাঙামাটি যাওয়ার পথে দুপুর ২টার দিকে খাগড়াছড়ির মাকিছড়ি উপজেলার মারিশ্যা সীমান্তে তাদের স্বাগত জানান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, বাঘাইছড়ি থানার ওসি মো. নাইম ও বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া। বেলা ৩টার দিকে তারা রাঙামাটির বাঘাইহাটের গঙ্গারাম মুখে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং লোকজনের সঙ্গে কথা বলেন। এরপর সংসদীয় দল বাঘাইহাট বাজারে সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সভা করেন। এখানে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাফরুল ইসলাম চৌধুরী ও বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা। সংক্ষিপ্ত বক্তব্যে তারা প্রশাসনের কাছে পার্বত্য এলাকাকে পাহাড়ি-বাঙালির বসবাসের উপযোগী করার আহ্বান জানান। এ মাসের শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ওই অঞ্চল সফর করে আসে। তবে তাদের সঙ্গে বিএনপির কোনো সংসদ সদস্য ছিলেন না। আলাদাভাবে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে বিরোধীদলীয় প্রধান হুইপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি সর্বদলীয় প্রতিনিধি দল পার্বত্যাঞ্চলে পাঠানোর জন্য দাবি করার পরও সরকারি দল কেবল তাদের সংসদ সদস্যদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করে এসেছেন। সে কারণে আমাদের আলাদাভাবে যেতে হচ্ছে।" তিনি বলেন, "আমরা খাগড়াছড়ি ও রাঙামাটির বাঘাইছড়িতে বাঙালি-পাহাড়ি সংঘাতস্থল সরেজমিন দেখবো, কথা বলবো ক্ষতিগ্রস্তদের সঙ্গে। এ সংক্রান্ত একটি প্রতিবেদনও আমরা বিরোধী দলীয় নেতার (খালেদা) কাছে দেবো।" বিএনপির দলটি সোমবার রাতেই ঢাকা ফিরবে বলে তিনি জানান। গত ১৯ ও ২০ ফেব্র"য়ারি রাঙামাটির বাঘাইছড়িতে ভূমি বিরোধ নিয়ে পাহাড়ি-বাঙালি মুখোমুখি অবস্থানের প্রেক্ষাপটে বেশ কিছু বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। নিহত হয় অন্তত তিনজন পাহাড়ি, হত্যার জন্য সেখানে মোতায়েন সেনা সদস্যদের দায়ী করছে পাহাড়ি সংগঠনগুলো। বাঘাইছড়ির ঘটনার জের ধরে ২৩ ফেব্র"য়ারি খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে মারা যায় এক বাঙালি। সংসদীয় স্থায়ী কমিটি পার্বত্যাঞ্চলে অস্থিরতার জন্য খাগড়াছড়ি আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়াকে দায়ী করেছেন। সরকারি দলের পক্ষ থেকেও বিএনপি-জামায়াত জোটকে দায়ী করা হচ্ছে। অন্যদিকে বিএনপি বলে আসছে, পার্বত্যাঞ্চল থেকে সেনাক্যাম্প প্রত্যাহারই অস্থিরতা সৃষ্টির কারণ। দলটি আওয়ামী লীগের গত আমলে স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির বিরোধী এদিকে পাহাড়িদের সংগঠন সাজেক নারী সমাজ ও ভূমি রক্ষা কমিটি বিএনপির সংসদ সদস্যদের এ সফর বয়কটের ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/ডিডি/এমআই/এমএসবি/২০১৭ ঘ.