২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলায় বাবর ফের রিমান্ডে

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিএনপি জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আবারো জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2010, 12:19 PM

Updated : 24 Aug 2022, 07:32 PM

হবিগঞ্জ, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিএনপি জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আবারো জিজ্ঞাসাবাদের (রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিকালে হবিগঞ্জের হাকিম মুহাম্মদ সামছুল ইসলাম শুনানি শেষে বাবরকে পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত বুধবার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য বাবরকে ১০দিন হেফাজতে নিতে আবেদন জানান। রোববার আদালতের আদেশের পরপরই তাকে কড়া পুলিশ প্রহরায় ঢাকায় সিআইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়। আগেরদিন রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় হবিগঞ্জ জেলা কারাগারে। সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আকবর হোসেন জিতু সাংবাদিকদের বলেন, বাবর ও হুজি জঙ্গি মিজানুর রহমান মিঠুকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তারা মনে করছেন। তিনি বলেন, এর আগে মিঠুকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তার কাছ থেকে যেসব তথ্য পাওয়া গেছে তাতে হত্যাকাণ্ডে বাবরের সংশ্লিষ্টতার বিষয়টি জানা গেছে। মিঠুর দেওয়া তথ্য যাচাই-বাছাই করতেই বাবরকে আবারো জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য কিবরিয়াসহ ৫ জন নিহত হন। তিনি ১৯৯৬-২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। এ ঘটনায় তখনকার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় পৃথক দুটি মামলা করেন। কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে গত মাসে গ্রেপ্তার দেখিয়ে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৭ মার্চ রাতে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় কিবরিয়ার ওপর গ্রেনেড নিক্ষেপকারী হরকাতুল জিহাদ (হুজি) জঙ্গি মিজানুর ওরফে মিঠুকে। হুজি প্রধান মুফতি হান্নানসহ কয়েক জঙ্গিকে জিজ্ঞাসাবাদে মিঠু সম্পর্কে তথ্য পায় সিআইডি। এর মধ্যে সিআইডি মিঠুকে সাতদিন জিজ্ঞাসাবাদ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.