২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 07:30 AM

Updated : 24 Aug 2022, 07:31 PM

গাজীপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের কোনাবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক হাসান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নিহতের নাম সফিকুল ইসলাম হাবিব (৩৫)। বাড়ি বগুড়া সদরের এরুনিয়াপাড়ায়। পুলিশ কর্মকর্তা হাসান বলেন, গাজীপুরগামী চালভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী গমভর্তি আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গমভর্তি ট্রাকের চালক শফিব নিহত হন। সংঘর্ষে দুটি ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় বলে তিনি জানান। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ট্রাকের চালক পলাতক বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.