২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা জয়পুরহাট বরগুনায় চার খুন

পাবনায় এক চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। জয়পুরহাটে জবাই ও শ্বাসরোধ করে আরো দুই জনকে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। অপরদিকে বরগুনার পাথরঘাটায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 09:51 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় এক চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। জয়পুরহাটে জবাই ও শ্বাসরোধ করে আরো দুই জনকে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। অপরদিকে বরগুনার পাথরঘাটায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পাবনা প্রতিনিধি জানান, আতাইকুলা থানার হরিপুর গ্রামে শুক্রবার ভোরে পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা আক্কাস আলী প্রামানিক (৪০) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। পাবনার পুলিশ সুপার জামিল আহমেদ জানান, ভোর ৫টার দিকে ১০/১২ জন সন্ত্রাসীর একটি দল আক্কাসকে হরিপুর গ্রামের একটি মাঠে নিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রাখে। সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। চরমপন্থীদের অন্তর্কোন্দলই এ হত্যাকাণ্ডের কারণ বলে ধারণা করছেন পুলিশ সুপার। তিনি বলেন, আতাইকুলা থানার হরিপুর গ্রামের আক্কাসের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, গোপীনাথপুর-ফুলদীঘি সড়কের আক্কেলপুর, ক্ষেতলাল ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মাঝামাঝি বামনীহার এলাকায় বৃহস্পতিবার রাতে জবাই ও শ্বাসরোধ করে দুই জনকে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। পুলিশ শুক্রবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন- আক্কেলপুরের আলী মামুদপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে রেজু মিয়া (২৫) ও বাড়ইল লয়াপাড়া গ্রামের মৃত লেবা মিয়ার ছেলে কফিল উদ্দিন (৩৮)। আক্কেলপুর থানার ওসি খলিলুর রহমান জানান, অজ্ঞাত ঘাতকরা আলী মামুদপুর গ্রাম থেকে দুইশ' গজ দুরে আক্কেলপুর ও ক্ষেতলাল থানার মাঝামাঝি বামনীহার এলাকায় রেজু মিয়াকে জবাই করে এবং কফিলকে শ্বাসরোধ করে খুন করে লাশ ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা খলিলুর জানান। বরগুনা প্রতিনিধি জানান, পাথরঘাটা উপজেলার সদরের নিজলাঠিমারা এলাকার একটি বিলের মধ্যে থেকে শুক্রবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পাথরঘাটা থানার ওসি মো. মাহে আলম জানান, যুবকের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে এবং চেহারা বিকৃত করার জন্য মুখ মণ্ডল ক্ষত-বিক্ষত করা হয়েছে। যুবকের পরনে ছিলো একটি শর্ট প্যান্ট। লাশের পাশে এক টুকরা কালো কাপড় পাওয়া যায় বলে জানান পুলিশ কর্মকর্তা মাহে আলম। এ ব্যাপারে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.