শাবিপ্রবি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেকসই উন্নয়নে পরিবেশ নিয়ে কার্যকর ও যুগোপযোগী গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
একইসঙ্গে পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে সেমিনার আয়োজন এবং তা থেকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান তারা।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের 'টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব ইমারত নির্মাণসামগ্রী' শীর্ষক সেমিনারের শেষদিন বৃহস্পতিবার বিশেষজ্ঞরা এ আহ্বান জানান।
সেমিনারের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবর্তিত পরিবেশ ও বৈশ্বিক উষ্ণতার এ যুগে সমগ্র বিশ্বের প্রেক্ষাপটে পরিবেশ প্রকৌশলের উপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে পরিবেশ নিয়ে কার্যকর ও যুগোপযুগী গবেষণা চালাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশকৌশল বিভাগ আয়োজিত সেমিনারে মোট আটটি পরিবেশ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সমাপনী দিনে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আখতারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ফিরোজ আহমেদ ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক জাহাঙ্গীর আলম প্রবন্ধগুলো উপস্থাপন করেন।
প্রবন্ধে ইকো স্যানিটেশন, পরিবেশ প্রকৌশল, ভূমিকম্প প্রতিরোধক নির্মাণ কৌশল ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় শাবিপ্রবির উপাচার্য ড. সালেহ উদ্দিন পরিবেশ বিপর্যয় রোধে এ ধরনের আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য পুর ও পরিবেশ কৌশল বিভাগকে ধন্যবাদ জানান। জনসচেতনতা বাড়াতে ক্যাম্পাসে পরিবেশ বিষয়ক এ ধরনের সেমিনার আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বুয়েট শিক্ষক ফিরোজ আহমেদ বিশ্বের প্রেক্ষাপটে পরিবেশ প্রকৌশলের গুরুত্ব তুলে ধরেন।
বুধবার সেমিনার উদ্বোধন করে প্রযুক্তিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. জামিলুর রেজা চৌধুরী ইমারত বিধি মেনে ও পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহার করে ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সেমিনারের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সায়েদ আরাফাত বিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করি সবুজ পরিবেশ বিনির্মাণ ও উন্নয়নের ক্ষেত্রে এই সেমিনার এক নতুন দিগন্তের সূচনা করবে।"
বিএসআরএম ও সেভেন রিংস সিমেন্ট এর পৃষ্ঠপোষকতায় দুুই দিনব্যাপী এই সেমিনারের মিডিয়া পার্টনা ছিল অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা 'বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম' এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.
bdnews24