লালমনিরহাট, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসীর মূল ভূ-খণ্ডে যাতায়াতের সুবিধার জন্য তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, "নয়াদিল্লি সফরের সময় কথা হয়েছে ভারত সরকার তিনবিঘা করিডোরে ওভারব্রিজ নির্মাণ করে দেবে। এটা হলেই ২৪ ঘণ্টার জন্য করিডোর খুলে দিতে আর কোনো বাধা থাকবে না।"
বুধবার সকালে দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলবাসীর সঙ্গে ভিডিও কমফারেন্সে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ছিটমহলবাসীদের বিদ্যমান সব সমস্যা সমাধানে ব্যবস্থা নিয়েছে তার সরকার।
ছিটমহলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিনামূল্যে চিকিৎসা শিবির উদ্বোধন উপলক্ষে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী ঢাকার গণভবন থেকে কনফারেন্সে অংশ নেন।
ছিটমহলবাসী ২৪ ঘণ্টা করিডোর খুলে রাখা, ন্যাশনাল সার্ভিসের আওতায় ছিটমহলবাসীদের অন্তর্ভুক্ত করা, সেনাবাহিনী ও বিডিআর-এ চাকরির সুযোগ দেওয়া, ছিটমহলের বঙ্গেরবাড়ি উচ্চবিদ্যালয় সরকারি করা, হাসপাতাল চালু, নদীভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দাবি জানায় প্রধানমন্ত্রী কাছে।
প্রধানমন্ত্রী দ্রুত বঙ্গেরবাড়ি উচ্চবিদ্যালয়কে সরকারি করার ঘোষণা দেন। তিনি কনফারেন্সে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ছিটমহলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা সমাধানেরও নির্দেশ দেন।
বিরোধীদলে থাকার সময় ছিটমহলবাসীর জন্য ব্যক্তিগতভাবে ২০টি নলকূপ দেওয়ার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ছিটমহলের সমস্যাগুলো আমি জানি। তাই এসব সমাধানে আমার সরকার আন্তরিকতার সাথে কাজ করছে।"
"আপনারা বহু প্রত্যাশিত বিদ্যুৎ পাচ্ছেন, আধুনিক সুযোগ সুবিধা ও উন্নয়নে আপনাদের অংশগ্রহণ বাড়বে", বলেন শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সে ছিটমহলের বাসিন্দা আব্দুস সামাদ (৮০), মুক্তিযোদ্ধা উমেদ আলী (৭৫), লুৎফর রহমান (৪৭), শিক্ষক রেজানুর রহমান রেজা, মাহমুদা বেওয়া (৫৫), নাজমুন নাহার (৪০), নুরুজ্জামান রাসেল (৩৮), স্কুলছাত্রী মিতু আফসারসহ প্রায় পঞ্চাশজন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
এ সময় প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের চিকিৎসাসেবা কার্যক্রমের সমন্বয়কারী এমএইচ মিল্লাত, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মাহমুদ হোসেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এম এ রউফ ও কনসালটেন্ট অসীমা ভৌমিক, রংপুরের জেলা প্রশাসক বি এম এনামুল হক, লালমনিরহাটের জেলা প্রশাসক আলাউদ্দির ফকির, নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ আকন্দ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24