ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসক (ডিসি) পদে কর্মরত ১৫ যুগ্ম-সচিবের বদলি শুরু হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার নীলফামারীর ডিসিকে বদলি করেছে। নীলফামারীর ডিসি হিসেবে কর্মরত যুগ্ম-সচিব ফরহাদ হোসেনকে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে।
নীলফামারীর নতুন ডিসি হয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক হিসেবে কর্মরত উপসচিব জিল্লুর রহমান।
এ ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয় মাঠ প্রশাসন শাখার প্রধান (সিনিয়র সহকারী সচিব) শফিউল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বদলির মধ্যদিয়ে যুগ্ম-সচিব হয়েও ডিসি পদে থাকা কর্মকর্তাদের রদবদল শুরু হলো। পর্যায়ক্রমে এসব কর্মকর্তাকে সরিয়ে নতুন ডিসি নিয়োগ দেয়া হবে।
রদবদলের এ পর্যায়ে মাঠ প্রশাসনের প্রায় ২৫টি জেলার ডিসি পদে রদবদল করা হতে পারে।
বিভিন্ন জেলায় ডিসি পদে বর্তমানে ১৫ জন যুগ্ম-সচিব কর্মরত। এরা ডিসি পদে নিয়োগ পাওয়ার পর যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পান।
পদোন্নতির পর এসব কর্মকর্তাকে পদোন্নতির পূর্বপদে বহাল রাখা হয়। এর মধ্যে ঢাকার বর্তমান জেলা প্রশাসক জিল্লার রহমানও রয়েছে।
বড় জেলাগুলোর শূন্য পদে অন্য জেলা থেকে বদলি করে ডিসি আনা হতে পারে। সেক্ষেত্রে শূন্য জেলাগুলোতে নতুন ডিসি নিয়োগ করা হবে।
এজন্য ইতোমধ্যেই একটি ডিসি যোগ্য তালিকা তৈরি করা হয়েছে। সেখান থেকে মেধার ক্রমানুসারে ডিসি নিয়োগ দেওয়া হবে বলে জানান শফিউল হক।
সংস্থাপন মন্ত্রণালয় সোমবার টাঙ্গাইলে ভুয়াপুরে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা দেওয়ান মহর আলীকে সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ দিয়েছে।
এর আগেও ডিসি পদে দু'দফায় ৪৪ জনকে রদবদল করে বর্তমান সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০৪৮ ঘ.
bdnews24