ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার আমতলী উপজেলার সোবাহান পাড়া থেকে রোববার একজন এবং গাজীপুর সদরের কড়ইতলী ও জাঝর এলাকা থেকে একইদিন মহিলাসহ আরো দু'জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বরগুনা থেকে উদ্ধার করা পিয়ারা বেগমের (২৭) বাড়ি আমতলীর সোবাহান পাড়া গ্রামে। গাজীপুরের দু'জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জানান, শনিবার মধ্যরাতে পিয়ারাকে ঘরে না পেয়ে তার ছেলেরা বাইরে গিয়ে উঠোনে লাশ দেখতে পান। পরে খবর পেয়ে দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
তালতলী থানার ওসি আবদুল খালেক হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিয়ারার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তালতলী থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. কামাল হোসেনের বরাত দিয়ে গাজীপুর প্রতিনিধি জানান, কড়ইতলী এলাকার গজারী বনের ভেতর থেকে সকালে এক যুবতীর গলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এদিকে জয়দেবপুর থানার উপ-পরিদদর্শক শোহেব মোল্লা বলেন, বিকাল সোয়া ৩টার দিকে গাজীপুর সদর উপজেলার জাঝর এলাকার মোগর খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল কালো জিন্সের প্যান্ট। মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায়ও জয়দেবপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৬৫৯ ঘ.
bdnews24