নরসিংদী, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরের জমি নিয়ে নরসিংদীতে শনিবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
সদর উপজেলার চর দীঘলদী গ্রামে সকাল ৮টার দিকে ওই সংঘর্ষ হয় বলে নরসিংদী সদর থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন।
নিহতের নাম বাচ্চু মিয়া (৪০)। সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক।
ওসি সাংবাদিকদের বলেন, চরের জমি নিয়ে গ্রামের মোসলেম মিয়া ও শওকত আলীর মধ্যে বিরোধ ছিলো। এর জের ধরে সকাল ৮টার দিকে তাদের অনুসারীরা দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ কর্মকর্তা নজরুল জানান।
আহতদের মধ্যে দুলাল (২২), মোশাররফ (১৭), আসাদ মিয়া (৩৪), ইসমাইল (৩৫), কবীর (৪০), করম আলী (৫০), মো. আইয়ুব (৩০), আ. মতিন (৪০), আ. মান্নান (৫০), খায়েরুদ্দিন (৩৫) ও মোসলেমকে (৩৯) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পর মেঘনা নদীর মধ্যে জেগে ওঠা দুর্গম ওই চরে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24