চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটকে রেখে এক কিশোরীকে যৌনকর্মীর কাজে বাধ্য করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ হান্নান (৪৫), প্রশান্ত মণ্ডল(৪১) ও নাজমা আকতার (৩৫)।
সোমবার রাত ১২টার দিকে নগরীর হালিশহর থানাধীন সোনালী আবাসিক এলাকার একটি বাসা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ওই কিশোরীকে (১৪) উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত মোহাম্মদ ফরিদ নামের একজনকে খুঁজছে পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা ওই কিশোরীকে সীতাকুণ্ড থেকে ভালো বেতনে চাকরি দেওয়ার নাম করে এনে হালিশহরের সবুজবাগ আবাসিক এলাকার একটি বাসায় আটকে রাখে। পরে তাকে সোনালী আবাসিক এলাকা এক বাসায় নিয়ে ধর্ষণ ও যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করে।
তিনি বলেন, "ওই কিশোরী এক খদ্দেরের মাধ্যমে পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে।"
এরপর গ্রেপ্তার তিনজনকে হালিশহর থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে চারজনকে আসামি করে মামলা করেছেন।
হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/জিএনএ/২১৩১ ঘ.
bdnews24