ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি নৌযান বিক্রি করতে যাচ্ছে সরকার।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান সংসদকে এ তথ্য জানান।
এর মধ্যে এমভি বাংলার গৌরব ও এমভি বাংলার উর্মি নামে দুটি নৌযান বিক্রির প্রক্রিয়া চলছে।
এছাড়া বিআইডব্লিউটিএ'র পরিদর্শন জাহাজ 'সোনার তরী' ও 'সোনার খেয়া' নিলামে বিক্রির নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
বিকাল ৫ টা ৫ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর-পর্ব টেবিলে উপস্থাপিত হয় বলে জানান তিনি।
এর আগে গত ১৮ ফেব্র"য়ারি স্পিকার ১ মার্চ বিকাল ৫ টা পর্যন্ত অধিবেশন মুলতবী করে।
পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, "বিআইডব্লিউটিএ'র পরিদর্শন নৌযান সোনার তরী ও সোনার খেয়া নিলামে বিক্রির নীতিগত সিদ্ধান্ত আছে।"
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহআলমের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, অনেক পুরনো ও অলাভজনক হওয়ায় এমভি বাংলার গৌরব ও এমভি বাংলার ঊর্মি জাহাজ দুইটি বিক্রির প্রক্রিয়া চলছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের দু'টি জাহাজ ও চারটি পন্টুন নিলামে বিক্রির বিষয়ে দরপত্র আহ্বান হয়েছে বলেও জানান তিনি।
কুমিল্লা-৮ আসনের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে নৌমন্ত্রী জানান, ১৯৭৫ সালের পর এই প্রথম বিআইডব্লিউটিএ তিনটি ড্রেজারসহ আনুসঙ্গিক নৌযান কেনার উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে দু'টি ড্রেজার, ক্রেনবোট, ক্রু হাউসবোট এবং টাগবোটসহ আনুসঙ্গিক সরঞ্জাম আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে জানান নৌমন্ত্রী।
তিনি জানান, চলতি বছরের জুন মাসের মধ্যে একটি ড্রেজার এবং ২০১৫ সালের জুন মাসের মধ্যে ১৭টি ড্রেজার কেনার প্রক্রিয়া শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২০১২ ঘ.
bdnews24