ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেতু ভেঙে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম-সিলেট মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়েছে।
বিকাল ৫টা থেকে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সার্জেন্ট মো. বায়েজিদ।
সকাল ১১টার দিকে টিন বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সদর উপজেলার মহিউদ্দিন নগরের পঞ্চবটি সেতুটির একাংশ ভেঙে যায়।
এতে চট্টগ্রাম-সিলেট, কুমিল্লা-সিলেট এবং জেলার তিনটি রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে সেতুর দুপাশে মহাসড়কের ১০ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় যানজট।
সার্জেন্ট বায়েজিদ জানান, দুপুরে ট্রাকটি সরানো ও সেতু মেরামতের কাজ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। এরপর যান চলাচল শুরু হয়।
যানজট কাটতে আরো সময় লাগবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.
bdnews24