২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৮ বছর পর রেশন পেলেন মুক্তিযোদ্ধারা

স্বাধীনতার ৩৮ বছর পর প্রথমবারের মতো রেশন পেলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 06:53 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৩৮ বছর পর প্রথমবারের মতো রেশন পেলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। দেশের জন্যে প্রাণ বাজি রেখে যুদ্ধ করলেও এতোদিন তাদের অনেকেরই খবর রাখেনি কেউ। অনেকেই পরিবার-পরিজন নিয়ে অভাব অনটনে দিন কাটিয়েছেন। এতদিন পর এমন প্রাপ্তিতে অনেকেরই গলার স্বর ভারি হয়ে ওঠে, চোখ ভিজে যায়। রাজারবাগের শহীদদের স্মরণে নির্মিত রাজারবাগ শহীদ স্মৃতিসৌধ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম রোববার এই রেশন প্রদান কার্যক্রমের উদ্বোধন করে বলেন, "মুক্তিযোদ্ধাদের কাজ ছিলো দেশকে স্বাধীন করা। তারা সেই কাজ করেছেন। এখন রাষ্ট্রের উচিত তাদের সেবা করা। আমরা এখন সেটাই করছি।" তিনি বলেন, "পর্যায়ক্রমে সবাইকে রেশনের আওতায় আনার চেষ্টা চলছে।" তিনি জানান, বর্তমানে দেশে দেড় লাখ মুক্তিযোদ্ধাকে সরকারি ভাতা দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই সরকার ভাতার পরিমাণ ও সংখ্যা বাড়িয়েছে। ভবিষ্যতে তাদের কল্যাণে আবাসন, চিকিৎসাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। তাজুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে মিরপুর ও মোহাম্মদপুরে আবাসন প্রকল্পের কাজ চলছে। এছাড়া প্রতিটি জেলা ও উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন করা হবে। সেখানে কমিউনিটি সেন্টার, লাইব্রেরি ও বিপণিবিতান থাকবে। বিপণিবিতান থেকে প্রাপ্ত আয় মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় হবে। নতুন প্রজন্ম সেখান থেকে মুক্তিযুদ্ধ ও এর ইতিহাস সম্পর্কে জানতে পারবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোহাম্মদ আলী সিকদার প্রমুখ। এ ছাড়া ছিলেন ডিএমপি কমিশনার এ কে এম শহিদুল হক। এ রেশন কার্যক্রমের আওতায় এক সদস্যের প্রতিটি পরিবার ৩৯.৭৮ টাকার বিনিময়ে ১১ কেজি চাল, ১২ কেজি আটা, ১.৭৫ কেজি চিনি, ২.৫ লিটার তেল ও ৩.৫ কেজি মসুর ডাল পাবেন। দুই সদস্যের প্রতিটি পরিবার ৬৮.৯৬ টাকায় ২০ কেজি করে চাল ও আটা, ৩ কেজি চিনি, ৪.৫ লিটার তেল ও ৫.৫ কেজি মশুর ডাল পাবেন। তিন সদস্যের প্রতিটি পরিবার ৯৩.৫৪ টাকায় ৩০ কেজি চাল, ২৫ কেজি আটা, ৪ কেজি চিনি, ৬ লিটার তেল ও ৭ কেজি মশুর ডাল পাবেন। চার সদস্যের প্রতিটি পরিবার ১১৩.১৩ টাকায় ৩৫কেজি চাল, ৩০ কেজি আটা, ৫ কেজি চিনি, ৮ লিটার সয়াবিন তেল ও ৮ কেজি মশুর ডাল পাবেন। হবিগঞ্জে ৩ নম্বর সেক্টরে সম্মুখযুদ্ধে গুলিতে কোমরের নিচ থেকে অবশ হয়ে যায় মো. গোলাম মোস্তফা বীর বিক্রমের। রাজারবাগ পুলিশ লাইনে রেশন নিতে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। গোলাম মোস্তফা বলেন, "দেশের জন্য যুদ্ধ করে পঙ্গু হলেও এতোদিন কিছুই পাইনি। আমাদের সঙ্গে শক্রুর মতোই আচরণ করা হতো। মাত্র কিছুদিন হলো ভাতা বেড়েছে। এখন রেশন চালু হওয়ায় আমাদের একটা দাবি পূরণ হলো।" অনুষ্ঠানে তার মতো আরো ছিলেন মাইনে দু'হাত উড়ে যাওয়া মুক্তিযোদ্ধা মো. সাদেক আলী, হুইল চেয়ারে করে সৈয়দা জিনাত আরা বেগম, মো. হোসেন, মো. সানোয়ার হোসেন, মো. শুক্কুর আলীসহ আরো অনেকে। তারা জানান, দুর্মূল্যের বাজারে এই রেশন পরিবারে স্বস্তি নিয়ে এসেছে। শুক্কুর আলীর দাবি, মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরও যেন পরিবারের সদস্যরা এই রেশন ও ভাতা পান। এখন থেকে প্রতিমাসেই ৭ বীরশ্রেষ্ঠ ও ৭৮৩৮ জন মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্যরা রেশন পাবেন। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে রাজারবাগসহ দেশের পুলিশ লাইনগুলো রেশন প্রদান ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এইচএ/০০৪৮ ঘ.