২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অমর একুশে গ্রন্থমেলা শেষ

রেকর্ড সংখ্যক বই প্রকাশ ও বিক্রির মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। শেষদিন মেলায় ছিলো উপচেপড়া ভিড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 06:17 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেকর্ড সংখ্যক বই প্রকাশ ও বিক্রির মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। শেষদিন মেলায় ছিলো উপচেপড়া ভিড়। মেলার সমাপনী অধিবেশনে চারটি শাখায় পুরস্কার দেওয়া হয়। এবার মোট তিন হাজার ৩৫৪টি বই প্রকাশিত হয়েছে, যা গত বছরের তুলনায় ৬১৩টি বেশি। গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব বাংলা একাডেমীর পরিচালক শাহিদা খাতুন জানান, মেলায় ২৭ দিনে বিক্রি হয় প্রায় ২০ কোটি টাকার বই। গত বছর এ অঙ্ক ছিলো ১৮ কোটি টাকা। মেলা শেষ হওয়ার আগেরদিন (শনিবার) মোট বিক্রি হয় প্রায় সাড়ে ৬৫ লাখ টাকার বই। গত বছর এটি ছিলো সাড়ে ৬১ লাখ টাকার কিছু বেশি। মেলার মূলমঞ্চে বিকাল ৫টায় শুরু হয় সমাপনী অধিবেশন। বাংলা একাডেমীর সভাপতি কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অঙ্গসজ্জার জন্য 'টইটম্বুর', 'কথা প্রকাশ' ও 'মাওলা ব্রাদার্স' পায় সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার। সেরা বইয়ের জন্যও তিনটি প্রকাশনীকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে 'মেঘমল্লার' বইয়ের জন্য বিজয় প্রকাশ, 'মুক্তিযুদ্ধ সমগ্র-১' বইয়ের জন্য সুবর্ণ এবং 'শহীদুল জহির স্মারক গ্রন্থ'র জন্য পাঠক সমাবেশকে দেওয়া হয় চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার। সর্বাধিক সংখ্যক বই কেনার জন্য পলান সরকার পুরস্কার পান নজরুল ইসলাম ও ডা. ফাতেমা আমীন। এছাড়া বইমেলা প্রতিদিন বুলেটিন প্রকাশের জন্য আনন্দ আলোকে দেওয়া হয় মোহাম্মদ নূরুল হক গ্রন্থ সুহৃদ পুরস্কার। ১ ফেব্র"য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করেন। এবার মেলায় ২৫০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ১৪টি সরকারি প্রতিষ্ঠান, ২৮টি এনজিও, ২১টি গণমাধ্যম, ৫২টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পাঁচটি ডিজিটাল প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেয়। লিটল ম্যাগ চত্বরে ২৬টি প্রতিষ্ঠান বই প্রদর্শন ও বিক্রি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৬ ঘ.