ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের অভিযোগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
রোববার বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রায়ান ফোরেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
পররাষ্ট্র সচিব ইইউ'র বিবৃতি 'দুর্ভাগ্যজনক' এবং 'তথ্যভিত্তিক নয়' বলে মন্তব্য করেন।
বাংলাদেশ ইইউ'র কাছে 'দায়িত্বশীল' আচরণ আশা করে বলে জানান মিজারুল। তিনি বলেন, 'ভিত্তিহীন' বিবৃতি পার্বত্য চট্টগ্রামের উত্তপ্ত পরিস্থিতিকে আরো খারাপ করতে পারে।
১৯-২০ ফেব্রুয়ারির রাঙামাটির ঘটনায় ইইউ'র ২৬ ফেব্রুয়ারি দেওয়া বিবৃতির প্রতিবাদ করে এর আগে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২৬ ফেব্রুয়ারির বিবৃতিতে রাঙামাটিতে সহিংসতা এবং এতে সেনাবাহিনীর জড়িত থাকার অভিযোগ দ্রুত, পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্তে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় ইইউ।
বিবৃতিতে এ আহ্বান জানান ইইউ'র মুখপাত্র ও ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন অ্যাশটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/পিডি/২৩০৭ ঘ.
bdnews24