ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ, বগুড়া ও বান্দরবানে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ রোববার সকালে একজন নিহত হয়েছে। বগুড়া-নওগাঁ সড়কের সদরের এরুলীয়া সন্ধ্যায় কোচ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন।
বান্দরবানের রোয়াংছড়িতে জিপের ছাদ থেকে পড়ে মারা গেছে এক আদিবাসী শিশু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়নগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে একটি হিউম্যান হলার সিদ্ধিরগঞ্জ থেকে নারায়ণগঞ্জের গোদনাইল এলাকায় একটি ভ্যান গাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক আইয়ুব আলী (৩২) গুরুতর আহত হন। তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।
এলাকাবাসী গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে বলে ওসি জানান।
বান্দরবান: রোয়াংছড়ির একজন সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে একটি যাত্রীবাহী জিপ কচছপতলী থেকে রোয়াংছড়ি উপজেলা সদরের দিকে আসছিল। গ্রোক্ষংপাড়া এলাকায় উঁচু-নিচু রাস্তায় ঝাঁকুনিতে গাড়ির ছাদে থাকা সুবাস তঞ্চঙ্গ্যা (১২) পড়ে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া: সদর থানার ওসি খালেকুজ্জামান জানান, শহর থেকে কাহালু যাওয়ার পথে এরুলীয়ায় বিপরীতমুখী একটি বাসের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আটজন আহত হয়।
আহতদের হাসপাতালে নেওয়ার পর তিনজন মারা যান।
এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- কাহালুর দুর্গাপুর এলাকার হেকমত উল্লাহর ছেলে কেরামত উল্লাহ।
হাসপাতালে আহত চিকিৎসাধীন রয়েছে তারা হলেন সুইট (৪০), সুমন (২৫), এ্যাডভোকেট জহুরুল ইসলাম (৩৫), আনোয়ার (৩৭) ও সানোয়ার (৩৯)।
পুলিশ বাসটি আটক করতে পারেনি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি খালেকুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24