ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা ইউনিয়ন পরিষদের পরিবর্তে উপজেলা কমিটিকে দেওয়ার প্রজ্ঞাপনের কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের দুটি পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়।
পাশাপাশি এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা ইউনিয়ন পরিষদের পরিবর্তে উপজেলা কমিটিকে দেওয়ার প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানাতে সরকারের প্রতি রুলনিশি জারি করা হয়েছে।
আদালত আগামী ১৫ মার্চ রিট দু'টির চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করেছে।
গত ১৬ ফেব্রুয়ারি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনে এ কর্মসূচি বাস্তবায়নের ক্ষমতা ইউনিয়ন পরিষদের পরিবর্তে উপজেলা কমিটিকে দেয়।
এর বৈধতা নিয়ে দায়ের করা রিট পরিচালনা করেন ব্যারিস্টার আমীর-উল-ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিডি/২১৫৯ ঘ.
bdnews24