ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বোমা হামলা মামলায় গ্রেপ্তার পবনের 'বন্ধু' গোলাম সাব্বির শোভনকে সাত দিনের গোয়েন্দা পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান রোববার জিজ্ঞাসাবাদের জন্য এ হেফাজত মঞ্জুর করেন।
শোভনকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম ১০ দিনের হেফাজতের আবেদন জানান।
আবুল আদালতে বলেন, "শোভন হামলার মূল হোতা। সেদিন হামলায় তার লাল রঙের জিপ গাড়ি ব্যাবহার করা হয়।"
তিনি জানান, এই ঘটনায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হেসেনের ছেলে আখতার হামিদ পবনও জড়িত বলে তথ্য পাওয়া গেছে। পবনের ঘনিষ্ট 'বন্ধু' গোলাম সাব্বির শোভন।
শোভনের বাসা থেকে পবনের গাড়িও উদ্ধার করা হয়েছে বলে জানান আবুল কালাম।
তিনি বলেন, "ঘটনার সময় জিপটি আগে এবং প্রদীপের মটরসাইকেল পেছনে ছিল। প্রদীপ সোনাইমুড়ি থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক।"
"এ ঘটনায় গ্রেপ্তার আরেক আসামি প্রদীপ সাহা হেফাজতে এসব তথ্য দিয়েছে," বলেন আবুল।
গত ২৪ ফেব্রুয়ারি প্রদীপকে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত।
২৩ ফেব্র"য়ারি রাত সোয়া ১০টায় খালেদা জিয়ার কার্যালয় লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২১৩৮ ঘ.
bdnews24