২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় দু'মাস মাছ ধরা নিষিদ্ধ

মেঘনা নদীর একশ' কিলোমিটার এলাকায় আগামী দু'মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 01:40 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

চাঁদপুর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীর একশ' কিলোমিটার এলাকায় আগামী দু'মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় এই সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে বলে জানান চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কাজী ইকবাল হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ থাকবে। এ সময়ের মধ্যে কেউ মাছ ধরলে বা জাল ফেললে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে কারাদণ্ড, জাল পুড়িয়ে দেওয়া কিংবা পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এসব সাজার এক বা একাধিক একসঙ্গেও হতে পারে। মৎস্য কর্মকর্তা জানান, ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল মাসে এই নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এ সময়ে ওই এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, মাছ ধরা নিষিদ্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার জেলার ২৬ হাজার ৩৩৫ জেলেকে ফেব্র"য়ারি মাস থেকে মে পর্যন্ত জনপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এর মধ্যে রয়েছে সদর উপজেলায় ১০ হাজার, হাইমচরে ১১ হাজার, মতলব দক্ষিণে ৮৩৫ এবং মতলব উত্তর উপজেলায় চার হাজার ৫শ' জন। এ ছাড়া সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডি (সিএনআরএস) নামের একটি বেসরকারি সংস্থা ৭১৩ জেলের বিকল্প কর্মসংস্থানেও কাজ করবে। সিএনআরএস'র চাঁদপুরের ফিল্ড কো-অর্ডিনেটর খান মো. মুজাহিদ ইবনে হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার ২৬ হাজার ৩৩৫ জেলের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। গতবছর এ সংখ্যা ছিল ২২ হাজার ৯শ'। সেবার পরিবার প্রতি চাল দেওয়া হয়েছিল ১০ কেজি করে। সিএনআরএস মৎস্য অধিদপ্তরের আর্থিক সহায়তায় জেলেদের নগদ অর্থের বদলে গরু মোটাতাজাকরণ, ছাগল, সেলাই মেশিন, ভ্যানগাড়ি ইত্যাদির মাধ্যমে বিকল্প কর্মসংস্থানে সহায়তা করবে। চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার জেলে ছিদ্দিক মাল, হাসান রাঢ়ী, জলিল কাজী, নূরুল ইসলামসহ বেশ ক'জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতবছর ১০ কেজি এবং এবার ৩০ কেজি করে চাল দেওয়া হবে তাদের। আগামী দু'মাস তাদের বেকার থাকতে হবে। চাঁদপুর কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলেদের চালের পাশাপাশি নগদ অর্থ দিলে কিংবা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৫ ঘ.