২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের আরো ৬ নেতাকর্মী জামিন মুক্ত

সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার জামায়াতের আমিরসহ ছয় নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। এ নিয়ে ১১জন জামিনে মুক্তি পেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 01:35 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

নীলফামারী, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার জামায়াতের আমিরসহ ছয় নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। এ নিয়ে ১১জন জামিনে মুক্তি পেলেন। রোববার সকালে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত এই ছয়জনকে জামিন দেয়। বিকালে তাদের জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন জেলার গোলাম রাব্বানী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিন আদেশের কাগজ পাওয়ার পর বিকাল ৫টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি নীলফামারীতে ছাত্রলীগ ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আরিফ ও নীলফামারী থানার উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন বাদি হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ছাত্রলীগের মামলায় ১০৬ জন ও পুলিশের মামলায় ২৫জনকে আসামি করা হয়। পুলিশ দুই মামলায় ১৩ ফেব্রুয়ারি ২৫ জনকে গ্রেপ্তার করে। রোববার দুই মামলায় যাদের জামিন দেওয়া হয়েছে তারা হলেন- জেলা জামায়াতের আমির শাহ মোহাম্মদ মোযাম্মিল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আমানুল্লাহ, জামায়াত নেতা আব্দুল হামিদ, মিজানুর রহমান, নুরুল হুদা ও আব্দুল্লাহ। এর আগে গত ২২ ফেব্রুয়ারি একই আদালত ওই দুই মামলায় পাঁচজনকে জামিন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯২৮ ঘ.