ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে শিক্ষাঋণ দেবে।
শিক্ষাজীবনে বিভিন্ন স্তরে ঝরে পড়া শিক্ষার্থীদের ঋণ দিতে একশ কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে।
রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঋণের জন্য ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৮০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।"
তিনি জানান, তহবিল গঠনের বিষয়টি জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাছে বাকি ২০ কোটি টাকা চাওয়া হয়েছে।
তহবিল গঠনের বিষয়টি চূড়ান্ত হলে ঋণ দেওয়ার বিষয়ে বাকি নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
কোন স্তরের শিক্ষার্থীদের ঋণ দেওয়া হবে? এ প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, "এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। যে স্তরে ঋণ দিলে শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধ হবে সেদিকে লক্ষ্য রেখেই ঋণ দেয়ার নীতিমালা তৈরি করা হবে।"
শিক্ষাজীবন শেষ করে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশ করে ঋণ পরিশোধ করতে পারবে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, "এতে যেন তাদের ওপর বাড়তি সুদের চাপ না পড়ে নীতিমালা তৈরির সময় সে দিকেও লক্ষ্য রাখা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24