২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্রোহের পেছনে যারা ছিলো তাদের বিচার হবে'

বিডিআর বিদ্রোহের পেছনে যারা ছিলো তাদের বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 12:22 PM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের পেছনে যারা ছিলো তাদের বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, "যারা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ছিলো তাদের খুঁজে বের করা হবে। এই ঘটনার পেছনে যারা ছিলো তাদের বিচার করা হবেই। এই ধরনের ঘটনা এই দেশে আর যেন না ঘটে তাও আমাদের নিশ্চিত করতে হবে।" বিডিআর বিদ্রোহের ঘটনায় সশস্ত্রবাহিনীর নিহত সদস্যদের পরিবারের সদস্যদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের উদ্যোগে রোববার বিকালে চেক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির ঘটনায় নিহত প্রত্যেক সেনা কর্মকর্তার স্ত্রী বা পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রী চার লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের উদ্যোগে নিহত প্রত্যেক সেনা সদস্যদের পরিবারকে দৈনন্দিন খরচের জন্য মাসে ৪০ হাজার টাকা করে বছরে চার লাখ ৮০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৯ সালের পহেলা ১ নিহত সেনা কর্মকর্তাদের প্রত্যেক পরিবারকে চার লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়। দ্বিতীয় বছরের জন্য রোববার চার লাখ ৮০ হাজার টাকার চেক দেন প্রধানমন্ত্রী। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী নিহত সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত এবং নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, "অর্থ আপনজনকে ফিরিয়ে দেয় না। আবার বেঁচে থাকার জন্যও অর্থের দরকার রয়েছে। আমার বাবার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মৃত্যুর পর অর্থের অভাবে আমার ছোট বোনটার পড়াশোনাও হয়নি।" নিহত সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, "আমি যতক্ষণ আছি, ততক্ষণ খুনিদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। আমি একজন সাধারণ মেয়ে হিসাবে আমার বাবার হত্যার বিচার পেয়েছি। আমি সাধারণ আইনে আমার বাবার হত্যার বিচার পেয়েছি।" শেখ হাসিনা বাষ্পরুদ্ধ কন্ঠে বলেন, "আপনারা তো আপনাদের স্বজনদের লাশগুলোও দেখেছেন। আমি তো আমরা বাবা-মা'র লাশও দেখিনি। শুধু কবর দেখেছি।" অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও তারেক সিদ্দিক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, তিন বাহিনীর প্রধানসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই পরিবারগুলোর জন্য সরকারের বিভিন্ন তহবিল থেকে পদবি অনুযায়ী ৯০ থেকে ৫০ লাখ টাকা দেওয়া হয়েছে। নিহত ছয় সেনা কর্মকর্তার পরিবার ছাড়া সব পরিবারকে পেনশনের টাকা দেওয়া হয়েছে। ৫৬টি পরিবারের মধ্যে দু'লাখ টাকা করে ট্রাস্ট মিউচ্যুয়াল ফান্ডের প্লেসমেন্ট দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের ৩১ জন আবেদনকারীর মধ্যে ২৮ জনের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা হয়েছে। নিহত দু'সেনা কর্মকর্তার স্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে চাকরি দেওয়া হয়েছে। নিহত সেনা কর্মকর্তাদের সন্তানদের এআইইউবি, ব্র্যাক, নর্থ-সাউথ এবং শান্ত-মরিয়ম বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। সব পরিবারের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮১৫ ঘ.