ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার হাজারীবাগের ট্যানারি সরাতে আরো ছয় মাস সময় দিয়েছে আদালত।
রাজধানীর পরিবেশের জন্য ক্ষতিকর বলে গতবছর হাইকোর্ট এক আদেশে ২০১০ সালের ২৮ ফেব্র"য়ারির মধ্যে হাজারীবাগের সব ট্যানারি (চামড়া প্রক্রিয়াকরণ শিল্প) সাভারে স্থানান্তরের নির্দেশ দেয়।
তবে সরকার ও ট্যানারি মালিকদের আবেদনে রোববার বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ ট্যানারি স্থানান্তরের সময় আরো ছয় মাস বাড়িয়ে দেয়।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এবং মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর রিট আবেদনে গত বছর হাইকোর্ট ওই আদেশ দিয়েছিলো।
রোববার আদেশের পর হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর কৌঁসুলি মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, "আদালত ট্যানারি স্থানান্তরের সময় ছয় মাস বাড়িয়েছেন। একইসঙ্গে তিন মাস পর স্থানান্তরের কাজের অগ্রগতির প্রতিবেদন জমা দিতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন।"
আদালতে সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, ট্যানারি মালিকদের পক্ষে ছিলেন ফজলে নূর তাপস। অন্যদিকে বেলার পক্ষে ছিলেন ইকবাল কবির লিটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২১২ ঘ.
bdnews24